ব্র্যাক ব্যাংক কর্মকর্তা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ব্র্যাক ব্যাংক ঢাকার গুলশান শাখার কর্মকর্তা টি এম মেহেদী মাসুদ (২৮) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া একজনকে যাবজ্জীবন এবং দুজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন আবদুল মজিদ ওরফে ডালিম (৩৪)। তাঁর বাড়ি ঢাকার ধামরাই থানার বালিথা গ্রামে। আর যাবজ্জীবনপ্রাপ্ত জাহাঙ্গীর আলমের (২৬)বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানার নয়াডাঙ্গি গ্রামে। আদালত দুজনকেই ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া ঈদুল (২৬) ও ফারুক হোসেনকে (২৭) পাঁচ বছর করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। ঈদুলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গুবদা গ্রামে এবং ফারুকের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলা ঝুলাপাড়া গ্রামে। আসামিদের মধ্যে ফারুক পলাতক। বাকিরা কারাগারে।
মামলার বিবরণ থেকে জানা যায়, আবদুল মজিদ ছিলেন মেহেদী মাসুদের গাড়ির চালক। কোনো কারণে তাঁকে চাকরিচ্যুত করেন মেহেদী মাসুদ। এরপর আবদুল মজিদ ক্ষমা চান। কিন্তু ভেতরে রাগ পুষে রাখেন। ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর আবদুল মজিদের ফোন পেয়ে টি এম মেহেদী মাসুদ তাঁর প্রাইভেটকার নিয়ে সাভারের জামগড়ায় যান। সেখান থেকে গাড়িতে ওঠেন ঈদুল ও ফারুক। এরপর বাইপাইল থেকে আবদুল মজিদ ও আমিনবাজার থেকে জাহাঙ্গীর গাড়িতে ওঠেন। আসামিরা একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে টাঙ্গাইলে চলে যান। সেখানে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে মেহেদীকে হত্যা করে লাশ শুভুল্যা ব্রিজের নিচে ফেলে দেন। পরদিন শুভুল্যা ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান লাশ উদ্ধার করে মির্জাপুর থানা-পুলিশ।
এ ঘটনায় মির্জাপুর থানা পুলিশ একটি মামলা করে। পরে আসামি ঈদুল ও জাহাঙ্গীর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। ২০১৪ সালের ১ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়।