ব্র্যাক ব্যাংক-প্রথম আলোর অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি

দেশের বিভিন্ন অঞ্চলে দারিদ্যের সঙ্গে সংগ্রাম করে যেসব শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করছে, সেই অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮০ জন অদম্য মেধাবীকে গতকাল শনিবার সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
২০১০ সাল থেকে ব্র্যাক ব্যাংক যুক্ত হয়েছে প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি দেওয়ার এই কার্যক্রমে। এর আগে শুধু এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এইচএসসি পর্যন্ত দুই বছরের শিক্ষাবৃত্তি দেওয়া হতো। ব্র্যাক ব্যাংক এই কার্যক্রমে যুক্ত হওয়ায় শিক্ষাবৃত্তির আওতা বৃদ্ধি পেয়েছে।
এখন ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট প্রতিবছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিচ্ছে। এরপর যাঁরা এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের দেওয়া হচ্ছে উচ্চতর শিক্ষাবৃত্তি। বর্তমানে উচ্চ মাধ্যমিক ও উচ্চতর শিক্ষাস্তরে মোট ২০৩ জন অদম্য মেধাবী শিক্ষার্থী এই শিক্ষাবৃত্তি পাচ্ছে। এই বৃত্তির আওতায় চিকিৎসা, প্রকৌশলসহ উচ্চতর শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার সুযোগ রয়েছে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহাবুবুর রহমান বলেন, ‘সমাজের প্রতি একটি দায়িত্ব পালন হিসেবে আমরা প্রথম আলো ট্রাস্টের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছি। এই কার্যক্রমের মধ্য দিয়ে একেবারে প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল পর্যায়ে কাজ করার সুযোগ হয়েছে। আমরা মনে করি, সুবিধাবঞ্চিত এই মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে উঠে আসার এ বিষয়টি আমাদেরও অনুপ্রাণিত করে। এমন একটি কার্যক্রমে ব্র্যাক ব্যাংক অংশ নিতে পেরে গর্ববোধ করে।’
গতকাল শিক্ষাবৃত্তি দেওয়া হলো ৮০ জনকে। এদের মধ্যে ২০১৪ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫০ জন। ২০১২ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া যে ৫০ জনকে বৃত্তি দেওয়া হয়েছিল, তাদের মধ্য থেকে ২৯ জন ২০১৪ সালের এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া আরেকজন যোগ হওয়ায় ৩০ জনকে উচ্চতর শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে।
১৯৯৯ সাল থেকে প্রথম আলো নিজস্ব তহবিল থেকে অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি দেওয়া শুরু করেছিল। পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নেয়। ২০০৯ সালে প্রথম আলো ট্রাস্ট গঠনের পর অদম্য মেধাবীদের বৃত্তি এই ট্রাস্টের আওতায় আসে।