ব্র্যাক ব্যাংকে পাঁচ লাখ টাকার জাল নোট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংকের গাজীপুরের টঙ্গী বাজার শাখা থেকে পাঁচ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। ব্যাংকের ক্যাশ ডেস্ক ও ড্রয়ারে তল্লাশি চালিয়ে গত সোমবার রাতে টাকাগুলো উদ্ধার করা হয়।
তল্লাশির সময় ব্যাংকের ক্যাশ অ্যান্ড ক্রেডিট সার্ভিস কর্মকর্তা মারুফ হাসান কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় গতকাল মঙ্গলবার টঙ্গী থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, জাল টাকা তৈরি চক্রের সঙ্গে জড়িত ব্র্যাক ব্যাংক টঙ্গী শাখার কর্মকর্তা মারুফ হাসান গ্রাহকদের টাকার সঙ্গে জাল নোট দেন।
এ বিষয়ে অভিযোগ পেয়ে পুলিশ ব্যাংকে তল্লাশি চালায়। এ সময় ব্যাংকের ক্যাশ ডেস্ক, ক্যাশ কক্ষ ও ক্যাশ পরিচালনার বিভিন্ন ড্রয়ারে পাঁচ লাখ টাকার জাল নোট পাওয়া যায়।
জানতে চাইলে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক সাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় আমি মারুফ হাসানকে আসামি করে একটি মামলা করেছি।’
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।