ব্র্যাক ব্যাংকের কোটি টাকা ছিনতাই, রহস্যে পুলিশ

সিলেটে ধারালো অস্ত্র দেখিয়ে নয়জন ছিনতাইকারী ব্র্যাক ব্যাংকের এক কোটি টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আতিরবাড়ির কাছে এ ঘটনা ঘটে।
টাকাগুলো ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তর করা হচ্ছিল বলে ব্যাংক সূত্রে জানা গেছে। তবে টাকা স্থানান্তরের সময় ব্যাংকের কোনো নিরাপত্তাকর্মী না থাকায় এবং প্রত্যক্ষদর্শী না পাওয়ায় ঘটনাটি ‘রহস্যজনক’ বলছে পুলিশ।
ব্যাংক সূত্র জানায়, বিশ্বনাথ শাখার সহকারী ব্যবস্থাপক গহর আলতাব চৌধুরী একটি প্রাইভেট কারে (নম্বর ঢাকা মেট্রো-গ ২৩-৬২২) করে ব্র্যাক ব্যাংকের সিলেট নগরের বন্দরবাজার ও দক্ষিণ সুরমা শাখা থেকে এক কোটি টাকা (ক্যাশ মানি) নিয়ে বিশ্বনাথ শাখায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় গাড়িতে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আতিরবাড়ির কাছে তিনটি মোটরসাইকেলযোগে নয়জন ছিনতাইকারী গাড়িটিকে আটকায়। ধারালো দেশীয় অস্ত্রের মুখে ওই গাড়িতে থাকা কর্মকর্তাকে জিম্মি করে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালায়। ব্র্যাক ব্যাংকের বিশ্বনাথ শাখা থেকে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ব্র্যাক ব্যাংকের বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক আলী আহসান সিদ্দিক জানান,তাড়া থাকায় কোনো নিরাপত্তাকর্মী ছাড়াই টাকাগুলো বিশ্বনাথে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি জানান, তিনটি মোটরসাইকেলে নয়জন ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে। গাড়িচালক সোহেল আহমদকে ছুরি দিয়ে আঘাত করে টাকা বহনকারী ব্যাংক কর্মকর্তা গহর আলতাব চৌধুরীকে অস্ত্রের মুখে জিম্মি করে একপর্যায়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ সুরমা থানা) এন এম নাসির উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, গাড়িচালকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, ‘ঢাকা-সিলেটের মতো একটি ব্যস্ততম মহাসড়কে প্রকাশ্যে এ রকম ছিনতাই কল্পনা করা যায় না। তা ছাড়া ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা জানতে পেরেছি ঘটনার সময় তাঁরা কোনো প্রকার চিত্কার শুনতে পাননি।’ প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক ধারণা করে পুলিশ তদন্ত করছে।