ব্র্যাক ব্যাংকের গাড়িচালকসহ আটক ৭, উদ্ধার ৮ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ব্র্যাক ব্যাংকের এক কোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ব্যাংকের গাড়িচালকসহ সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ব্র্যাক ব্যাংকের সিলমোহরযুক্ত প্রায় আট লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে ছিনতাইয়ের ‘মূল পরিকল্পনাকারী’ ৬০ লাখ টাকা নিয়ে পলাতক।
গতকাল মঙ্গলবার বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জানানো হয়, আটক ব্যক্তিরা হলেন গাড়িচালক সোহেল আহমদ, তাঁর ভাই ভাই কদ্দুছ মিয়া এবং সুজন মিয়া, আজিজুল হক (আরজু), এনাম আহমদ, আজাদ রহমান ও আমির হোসেন হাজারি।
গত ২৯ সেপ্টেম্বর বেলা তিনটার দিকে নগরের বন্দরবাজার ও দক্ষিণ সুরমায় ব্র্যাক ব্যাংকের দুটি শাখার এক কোটি টাকা বিশ্বনাথ শাখায় নিয়ে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের আতিরবাড়ির কাছে ছিনতাই হয়। এ ঘটনায় ওই দিন রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ব্র্যাক ব্যাংকের বিশ্বনাথ শাখার সহকারী ব্যবস্থাপক গওহর আলতাব চৌধুরী ব্যাংকের গাড়িতে করে টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে তিনটি মোটরসাইকেলে নয়জন ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে চালক সোহেলকে ছোরা দিয়ে আঘাত করে কোটি টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাকা থেকে ‘ছাত্রলীগের ক্যাডার’ হিসেবে পরিচিত হাসানুজ্জামান ইস্পাহানিকে (২৮) আটক করে। তিনি গত ৩০ সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত গতকাল প্রথম আলোকে জানান, ইস্পাহানি একাধিক ছিনতাই মামলার আসামি। তাঁর ছিনতাই এলাকা দক্ষিণ সুরমার বাইপাস। এর সূত্র ধরে প্রথমে তাঁকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইকারী দল ও এই চক্রের সদস্যদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। গত সোমবার গাড়িচালক সোহেলের ভাই কদ্দুছকে বালুচর এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাঁর বাসা থেকে ব্র্যাক ব্যাংকের সিলমোহরযুক্ত সাত লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে র‌্যাবও অভিযানে যোগ দেয় এবং অন্য ছয়জনকে আটক করে।
সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, ১৫ জনের ছিনতাইকারী দলে একজন ছিলেন মূল পরিকল্পনাকারী। টাকা বহনকারী গাড়িচালক সোহেলের সঙ্গে ছিনতাইকারী দলটির যোগাযোগ ছিল। র‌্যাব ও পুলিশ যৌথভাবে গত সোমবার দুটি অভিযান চালায়। গাড়িচালকের ভাইয়ের কাছ থেকে সাত লাখ ৮০ হাজার টাকা উদ্ধারের পর অন্য ছয়জনের কাছ থেকে এক লাখ পাঁচ হাজার ৯২৪ টাকা উদ্ধার করে র‌্যাব।
র‌্যাব-৯-এর অধিনায়ক কমান্ডার এম রাশেদ সাত্তার প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করা হয়েছে। তবে তাঁকে আটক করার স্বার্থে নাম ও পরিচয় বলা যাচ্ছে না। এক কোটি টাকার মধ্যে ৬০ লাখ টাকা মূল পরিকল্পনাকারীর কাছে গচ্ছিত রাখা হয়। বাকি টাকা ভাগ-বাঁটোয়ারা হয়।