ব্র্যাক ব্যাংকের বক্তব্য ও প্রতিবেদকের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা’ শীর্ষক প্রথম আলোতে ২২ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ব্র্যাক ব্যাংক তাদের বক্তব্য পাঠিয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমানের স্বাক্ষর করা বক্তব্যে গত বৃহস্পতিবার বলা হয়েছে, ব্র্যাক ব্যাংক ডলার কেনাবেচায় কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ছিল না। প্রতিবেদনে প্রকাশ হয়েছিল যে বৈদেশিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি ও অস্থিরতা তৈরির জন্য বাংলাদেশ ব্যাংক এই চার ব্যাংকের শীর্ষস্থানীয় নির্বাহীকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো কারণ দর্শানো নোটিশ দেয়নি। বরং ব্যাখ্যা ও পরামর্শমূলক একটি চিঠি দিয়েছিল। ব্র্যাক ব্যাংক বলেছে, বৈদেশিক মুদ্রা কেনাবেচার যাবতীয় তথ্য ব্র্যাক ব্যাংক সবসময় কেন্দ্রীয় ব্যাংককে জানিয়ে থাকে। ব্যাংকের গুলশান শাখায় বিসি সেলিং রেট বিষয়ে যে তথ্য প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তা-ও বিভ্রান্তিকর। প্রতিদিন বৈদেশিক মুদ্রার যে দর ব্যাংক ঘোষণা করে, তা ‘ইন্ডিকেটিভ’ বা নির্দেশকমূলক দর মাত্র। দিনের যেকোনো সময় চাহিদার পরিপ্রেক্ষিতে সকালে ঘোষিত দরের তুলনায় এই দর বাড়তে বা কমতে পারে। একই দিনে এক ব্যাংকের সঙ্গে অন্য ব্যাংকের দর আলাদা হতে পারে। এমনকি একই দিনে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার দর ভিন্ন ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। প্রতিবেদকের বক্তব্য: ব্র্যাক ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স ডিপার্টমেন্ট বিশেষ পরিদর্শন চালায়। তারই ভিত্তিতে চার ব্যাংকের এমডিকে বাংলাদেশ ব্যাংক চিঠিও দেয়। যেখানে ব্যাংক কোম্পানি আইন ও এফআরটিএম নির্দেশনার লঙ্ঘন করার অভিযোগ এনে এ ধরনের অনিয়ম শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত ধরেই প্রথম আলোর প্রতিবেদন তৈরি করা হয়েছে। উপরন্তু, প্রতিবেদক সৈয়দ মাহবুবুর রহমানকে ফোন করলে খুদেবার্তায় তিনি জানিয়েছিলেন, তিনি দেশের বাইরে।