ব্র্যাককে ৪০৪ কোটি টাকা আয়কর দিতেই হবে
দেশের বৃহত্তম উন্নয়ন সংস্থা ব্র্যাককে আয়কর হিসেবে ৪০৪ কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এ–সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ট্যাক্স আপিল ট্রাইব্যুনালের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।
প্রায় ১১টি অর্থবছরে ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা আয়কর পরিশোধের জন্য ব্র্যাককে নির্দেশ দিয়েছিলেন ট্যাক্স আপিল ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ব্র্যাক হাইকোর্টে আপিল করে। হাইকোর্ট ট্যাক্স ট্রাইব্যুনালের রায় বাতিল করে দেন। তবে ঢাকার কর কমিশনার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন। আজ সর্বোচ্চ আদালত কর কমিশনারের আপিল মঞ্জুর করে রায় দেন। যার ফলে এখন ব্র্যাককে এই আয়কর পরিশোধ করতেই হবে।
এই রায়ের প্রতিক্রিয়ায় ব্র্যাক বলেছে, আপিলের পূর্ণাঙ্গ রায় এখনো ব্র্যাক কর্তৃপক্ষের হাতে পৌঁছায়নি। রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী কর্মপন্থা ঠিক করা হবে। তবে বলার অপেক্ষা রাখে না, ব্র্যাক সব সময়ই আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। এই রায়ের ফলে দেশজুড়ে ব্র্যাকের চলমান মানবসেবামূলক কর্মসূচিতে বা কর্মসূচিগুলোর সেবাগ্রহীতাদের ওপর কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে না।
ব্র্যাকের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবীরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৪ সালে হাইকোর্ট দাতব্য সংস্থা (চ্যারিটেবল অর্গানাইজেশন) হিসেবে ব্র্যাকের সামাজিক উদ্যোগগুলোর আয়কে আয়করের আওতামুক্ত করে রায় দেন। উল্লেখ্য, ব্র্যাক-প্রতিষ্ঠিত সামাজিক উদ্যোগগুলো থেকে পাওয়া অর্থ সামাজিক উন্নয়ন খাতে ব্যয় করা হয়। পরে সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে। বুধবার আপিল বিভাগ ব্র্যাকের আয়কর বিষয়ে সরকারের আপিলের পক্ষে রায় দিয়েছেন।