ব্র্যাককে 'হেলথকেয়ার ইনোভেশন' পুরস্কার হস্তান্তর
ঘোষণাটি আগেই দেওয়া ছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতার। গতকাল মঙ্গলবার সেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই ব্র্যাকের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হলো হেলথকেয়ার ইনোভেশন অ্যাওয়ার্ড।
ব্র্যাক সমন্বিত মাতৃ ও শিশু স্বাস্থ্য প্যাকেজের আওতায় উদ্ভাবনী কর্মসূচি বাস্তবায়নের জন্য এ স্বীকৃতি পেয়েছে। লাখ লাখ শিশুর জীবন বাঁচাতে গ্লোবাল জিএসকে ও সেভ দ্য চিলড্রেনের অংশীদারির প্রথম পদক্ষেপ হিসেবে ব্র্যাককে ‘ওয়ান মিলিয়ন ডলার হেলথকেয়ার ইনোভেশন অ্যাওয়ার্ড’ শীর্ষক এই পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারের আর্থিক মূল্য তিন লাখ মার্কিন ডলার।
গতকাল জিএসকে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক এবং সেভ দ্য চিলড্রেনের দেশীয় পরিচালক মাইকেল ম্যাকগ্রাথ ব্র্যাকের হেলথ, নিউট্রিশন ও পপুলেশন প্রোগ্রামের পরিচালক কাওসার আফসানার হাতে অ্যাওয়ার্ডের বাঁধাই করা সনদপত্রটি তুলে দেন।
অনুষ্ঠানে আজিজুল হক এবং মাইকেল ম্যাকগ্রাথ ব্র্যাকের কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা অ্যাওয়ার্ডের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
উন্নয়নশীল বিশ্বের ২৯টি দেশ থেকে জমা হওয়া প্রায় ১০০টি আবেদনের মধ্যে পুরস্কারের জন্য বাছাই করা পাঁচটি সংস্থার একটি হচ্ছে বেসরকারি সংস্থা ব্র্যাক।