ছয়টি মহানগরের বস্তি এলাকায় মাতৃমৃত্যু প্রতি লাখে ১৪১ জন ও নবজাতকের মৃত্যু প্রতি হাজারে ১৩ জনে নেমে এসেছে। ব্র্যাকের মা, নবজাতক ও শিশুস্বাস্থ্যবিষয়ক প্রকল্প ‘মানসী’ বাস্তবায়িত হয়েছে এমন এলাকায় পরিবর্তনের এই চিত্র পাওয়া গেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অনুযায়ী ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৪৩ জনে এবং নবজাতক মৃত্যুর হার প্রতি হাজারে ২৫ জনে কমানোর কথা। গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য (মানসী) উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ, সমস্যা ও তার সমাধান’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য দেওয়া হয়।সভায় জানানো হয়, শহরের বস্তি এলাকায় মা, নবজাতক এবং পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যু ও অসুস্থতার হার কমানোর লক্ষ্যে ব্র্যাক গেইটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ২০০৭ সালে ‘মানসী’ প্রকল্প শুরু করে। এই প্রকল্পের আওতায় ছয়টি সিটি করপোরেশনের প্রায় ৬০ লাখ বস্তিবাসীকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির সহকারী পরিচালক কাওসার আফসানা। এতে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন টিমোথি জি ইভান্স। সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিব মো. হুমাযুন কবীর ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ। এতে আর বক্তব্য দেন ব্র্যাকের পরিচালক (স্বাস্থ্য কর্মসূচি) ফারুক আহমদ। বিজ্ঞপ্তি।