আফগানিস্তানে নিহত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মকর্তা মো. মহিউদ্দিনের লাশ তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বড় বেতবাড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে গতকাল রোববার দাফন করা হয়। তাঁর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ব্র্যাক।কাবুল থেকে বিমানে করে গতকাল সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় মহিউদ্দিনের লাশ। পরে ব্র্যাকের কর্মকর্তারা অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে বিকেল চারটার দিকে ফুলবাড়িয়ার বড় বেতবাড়ি গ্রামে পৌঁছান। ব্র্যাকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এস এন কৈরী নিহতের পরিবারের সদস্যদের কাছ লাশ হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ব্র্যাক ইন্টারন্যাশনালের উপনির্বাহী পরিচালক ইমরান মতিন, পরিচালক সাবি আহামেঞ্চদ, ব্র্যাকের পরিচালক আহামঞ্চদ নাজমুল হোসাইন, মিডিয়া ম্যানেজার জিয়া হাসান, ফুলবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বনানী বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঞা, ব্র্যাক ময়মনসিংহের আঞ্চলিক ব্যবস্থাপক বিশ্বজিৎ সরকার ও এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর হোসেন তালুকদার।মো. মহিউদ্দিনের লাশ বাড়ির আঙ্গিনায় পৌঁছালে এক হূদয়বিদারক পরিবেশের অবতারণা হয়। নিহতের মা, ভাইবোন, স্ত্রী ও সন্তানসহ উপস্থিত স্বজন ও শত শত এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন।লাশ হস্তান্তরকালে ব্র্যাকের কর্মকর্তা এস এন কৈরী স্থানীয় সাংবাদিক ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত সংবাদ সমেঞ্চলনে বলেন, ‘মহিউদ্দিনের অকালমৃত্যুতে তাঁর পরিবারের যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তেমনি ব্র্যাকেরও। তাঁর পরিবারের সঙ্গে গোটা ব্র্যাক পরিবারও গভীরভাবে শোকাহত।’এ দুঃসময়ে মহিউদ্দিনের পরিবারের জন্য সম্ভাব্য সব ধরনের সাহায্য-সহযোগিতার প্রতিশ্রুতি দেন এস এন কৈরী। তিনি বলেন, ব্র্যাকের নিয়ম ও চাকরির শর্ত অনুযায়ী, মহিউদ্দিনের পরিবার সব ধরনের সুযোগ-সুবিধা পাবে। এ ছাড়া ক্ষতিপূরণ হিসেবে তাঁর পরিবারের জন্য এককালীন ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি।এস এন কৈরী লিখিত বক্তব্যে আরও জানান, এ ধরনের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আফগানিস্তানে ব্র্যাকের কাজের কৌশল পর্যালোচনা করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ইতিমধ্যেই বাংলাদেশিদের পাঠানো বন্ধ করেছে।এ সময় নিহত মহিউদ্দিনের চাচা ওয়াজেদ আলী খান মহিউদ্দিনের দুই শিশুসন্তানের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার জন্য ব্র্যাকের প্রতি অনুরোধ জানান। তখন উপস্থিত কর্মকর্তারা সব ধরনের সহযোগিতার ধারাবাহিকতা রক্ষার আশ্বাস দেন। পরে বাড়িসংলগ্ন মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।মহিউদ্দিন (৪২) আফগানিস্তানের ঘোর প্রদেশে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক ছিলেন। ২ মে রাতে অস্ত্রধারীদের হামলায় তিনি নিহত হন।এদিকে, গতকাল ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহিউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গতকাল সকালে ঢাকায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি শোক প্রকাশ করে আফগানিস্তানের উন্নয়ন কর্মকাণ্ডে ব্র্যাকের ভূমিকার প্রশংসা করেন।