ব্র্যান্ড উইৎজ-১৫ শুরু হচ্ছে শুক্রবার
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী ধারণার বিকাশ ও নাগরিক সেবা প্রদানে উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করার লক্ষ্যে শুরু হচ্ছে ‘ব্র্যান্ড উইৎজ-১৫’। আগামীকাল শুক্রবার থেকে অনলাইনে প্রথম রাউন্ডের প্রতিযোগিতা শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্প (এটুআই) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিযো-গিতার নানা দিক তুলে ধরা হয়।
আইবিএ কমিউনিকেশন ক্লাবের মডারেটর সুতপা ভট্টাচার্য বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে চার সদস্যের একাধিক দল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতার প্রথম পর্যায়ে ব্র্যান্ড উইৎজ-এর ওয়েবসাইটে ‘একটি কেস’ সমাধান করতে হবে প্রতিযোগীকে। প্রথম রাউন্ড শেষে ৪৮ জন দ্বিতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হবেন। চূড়ান্ত পর্বে যাবে চারটি দল। নভেম্বরে হবে ফাইনাল।
আইবিএর পরিচালক অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ বলেন, ২০০৮ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতা এত দিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোর বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। এবারের প্রতিযোগিতাটি আরও বিস্তৃত পরিসরে করা হয়েছে।
এটুআই প্রকল্পের পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং উন্নয়ন ধারণার সঙ্গে যুক্ত করতে এ প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বে বিজয়ীদের পুরস্কার দেওয়ার পাশাপাশি তাদের ধারণাকে প্রতিষ্ঠা, বাস্তবায়ন ও বিকাশের জন্য এটুআই সার্ভিস ইনোভেশন ফান্ড থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এ প্রতিযোগিতার সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো ও আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। রেডিও সঙ্গী এবিসি রেডিও।