ব্র্যান্ড উইৎজে সেরা আইবিএর 'প্রজেক্ট ২২'
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উৎসাহিত করতে জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতা ব্র্যান্ড উইৎজ’ ১৫-এর চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়েছে। এটুআই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে আইবিএর ‘প্রজেক্ট ২২’। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত এই আসরে বিজয়ী তিনটি দলের প্রতিযোগীদের হাতে সম্মাননা ও চেক তুলে দেন প্রধান অতিথি জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশে দীর্ঘদিনের অচলায়তন ভেঙে একটি উদ্ভাবনী সংস্কৃতি গড়ে উঠেছে। মাঠপর্যায় থেকে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে উদ্ভাবনী দল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ভাবনের জন্য ঝুঁকি নিতে হবে, উদ্ভাবকদের ভুল করার সুযোগ দিতে হবে। তবে একই ভুল বারবার করা যাবে না।
প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে আইবিএর আভান্ট গার্ড ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) টিম ৩৬০ ডিগ্রি। দেশের ২০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ছয়টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমদ। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। বিজ্ঞপ্তি।