ব্র্যান্ড উইৎজের গ্র্যান্ড ফিনালে ৭ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণার বিকাশ এবং নাগরিক সেবা প্রদানে সে ধারণার প্রয়োগের প্রতিযোগিতা ব্র্যান্ড উইৎজ ২০১৫-এর গ্র্যান্ড ফিনালে ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকেল পাঁচটায় অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় অংশ নেবে ২৪টি দল। এই প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কমিউনিকেশন ক্লাব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্প (এটুআই)।
আইডিয়া ব্র্যান্ডিংয়ের বিষয়টিকে গুরুত্ব দিয়ে গত ২৪ অক্টোবর এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে ছয়টি দল বিজয়ী হয়। দলগুলো হলো প্রজেক্ট ২২, ল্যাজারাস, হুইপল্যাশ, গ্যালাড, আভান্ট গার্ড ও ৩৬০ ডিগ্রি। বিজয়ী দলগুলোকে ছয়টি ভাগে ভাগ করে প্রতিযোগীদের জাতীয় পর্যায়ের বিভিন্ন বিষয় ও সমস্যার সমাধান করতে দেওয়া হয়। বিষয়গুলো ছিল জাতীয় তথ্য বাতায়ন, জাতীয় ই-তথ্যকোষ, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার এটিকেট, স্মার্ট মাইগ্রেশন ও মেধা পাচার।
এর আগে অনলাইনে প্রথম রাউন্ডের মাধ্যমে এই আসরের প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়। সারা দেশের ২৩টি বিশ্ববিদ্যালয় থেকে ২০০টির বেশি দল ব্র্যান্ড উইৎজের এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো ও আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। রেডিও সঙ্গী এবিসি।