ব্র্যান্ড উইৎজের দ্বিতীয় রাউন্ড কাল
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণার বিকাশ এবং নাগরিক সেবা প্রদানে সেই ধারণাকে উৎসাহিত করার প্রতিযোগিতা ব্র্যান্ড উইৎজ ২০১৫-এর দ্বিতীয় রাউন্ড আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে বিকেল পাঁচটায় অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ২৪টি দল। এর আগে ১৭ অক্টোবর এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কমিউনিকেশন ক্লাব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্প (এটুআই)-এর যৌথ আয়োজনে এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাই সম্পন্ন হয় অনলাইনে।
দেশের ২৩টি বিশ্ববিদ্যালয় থেকে দুই শতাধিক দল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। প্রাথমিক বাছাইয়ের পর শীর্ষ ৪৮টি দল সুযোগ পায় প্রথম রাউন্ডে অংশ নেওয়ার। এই পর্যায়ে দলগুলোকে ছয়টি গ্রুপে ভাগ করে আইডিয়া ব্র্যান্ডিংয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ের নানা সমস্যা সমাধানে তাদের উদ্ভাবনী দক্ষতা যাচাই করা হয়। বাংলাদেশের ডাক বিভাগ, কর্মসংস্থান, জনসাধারণের মতামত ব্যবস্থা, মাত্রাতিরিক্ত ওষুধ সেবন ও স্বাস্থ্যকর জীবনযাপন, ক্ষুদ্রঋণ ও কৃষকের ন্যায্য পাওনা নিশ্চিতকরণ—প্রথম রাউন্ডে এই বিষয়গুলো নিয়ে প্রতিযোগীরা তাঁদের ভাবনা তুলে ধরেন। এবারের প্রতিযোগিতা সব বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।
প্রচারের অংশ হিসেবে আয়োজক আইবিএ কমিউনিকেশন ক্লাব সারা দেশে নানা বিশ্ববিদ্যালয়ে রোড শোর মাধ্যমে প্রতিযোগিতার নানা দিক তুলে ধরছে। ব্র্যান্ড উইৎজ ২০১৫ প্রতিযোগিতার সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো ও আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। রেডিও সঙ্গী এবিসি রেডিও।