ব্র্যান্ড গড়ে তুলতে সফল বিজ্ঞাপনের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে গতকাল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত কমওয়ার্ড-২০১৩ পুরষ্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তরা ষ ছবি: প্রথম আলো
রাজধানীর একটি হোটেলে গতকাল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত কমওয়ার্ড-২০১৩ পুরষ্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তরা ষ ছবি: প্রথম আলো

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত কমওয়ার্ড ২০১৩-এর দিনব্যাপী সেমিনারে গতকাল শনিবার যোগাযোগ ও সৃষ্টিশীলতা নিয়ে উপস্থাপনা করেছেন পাঁচজন যোগাযোগ বিশেষজ্ঞ। পাঁচটি উপস্থাপনায় তাঁরা ব্র্যান্ড পণ্যের প্রচার ও প্রসারের বিভিন্ন দিক ও পদ্ধতি তুলে ধরেন। যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন, ব্র্যান্ড গড়ে তুলতে হলে সফল বিজ্ঞাপনের বিকল্প নেই।
রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আয়োজিত এ সেমিনার আয়োজনে সহযোগিতা করেছে কান লায়ন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটি। একই স্থানে সন্ধ্যায় সৃজনশীল যোগাযোগের নানা ক্ষেত্রে অবদান রাখায় বিভিন্ন সংস্থাকে পুরস্কৃত করা হয়।
সেমিনারে পণ্যের প্রচার ও প্রসার নিয়ে প্রথম উপস্থাপনাটি করেন ল্যান্ডর অ্যাসোসিয়েটস ভারতের ব্যবস্থাপনা পরিচালক লুলু রাঘবন। ২০১০ সালে ভারতের টাটা গ্রুপের তাজ হোটেল ও রিসোর্টের ‘ভিভানটা’ ব্র্যান্ডের উত্থানের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, ব্র্যান্ড গড়ে তোলার জন্য দরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের (আইআইপিএম) ডিন রজিতা চৌধুরী বলেন, বিজ্ঞাপন এখন শুধু টেলিভিশনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা ক্ষুদ্র পর্যায়ে ছড়িয়ে পড়েছে। বর্তমানে মুঠোফোন, ফেসবুক, টুইটার, লিংকেডিন প্রভৃতি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার অনেক বেশি কার্যকর।
সেমিনারে মিলওয়ার্ড ব্রাউনের দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক প্রসূন বসু, মাইন্ডশেয়ারের দক্ষিণ এশিয়া অঞ্চলের কনসাল্টিং অ্যানালিটিকস সন্দ্বীপ পান্ডে এবং ইন্টারেস্টিং ডট অর্গের প্রতিষ্ঠাতা ফ্রেডরিক হেরেন বক্তব্য দেন।
পুরস্কার বিতরণী: মোড়কীকরণ বিভাগে কাজী অ্যান্ড কাজী চায়ের মোড়কের জন্য পুরস্কার পায় বিটপি অ্যাডভার্টাইজিং লিমিটেড, আন্তযোগাযোগে স্পেলবাউন্ড এড ও লাফার্জ হেলো জিমেইল, গ্রামীণ প্রচারণায় এশিয়াটিক কমিউনিকেশনের ‘সুখপাখি’, জনসংযোগ যোগাযোগে গ্রে ওয়ার্ল্ডওয়াইড, সামাজিক যোগাযোগে গ্রের ‘দিনের আপনজন’, অ্যাকটিভেশন প্রচারাভিযানে পিজা ইনের জন্য গ্রে, এয়ারটেল আলপনার জন্য এশিয়াটিক এবং প্রথম আলো ইন্টারনেট উৎসবের জন্য এশিয়াটিক।
অনলাইন কমিউনিকেশনে রবি কমিউনিটি চেইনের জন্য মেডারিক, কাল মেঘের জন্য গ্রে, সানসিল্ক এক্সপার্টের জন্য এশিয়াটিক, রেডিও কমিউনিকেশনে এয়ারটেল স্যামসাং বান্ডেল অফারের জন্য এশিয়াটিক, ফাস্ট গ্রুপ ফাস্ট গ্লুর জন্য গ্রে, জিঙ্গেল বিভাগে রবি থিমেটিক সংগীত হকারের জন্য এডকম ও জিপি স্টার্ট আপের জন্য গ্রে পুরস্কৃত হয়।
এ ছাড়া আউটডোর বিভাগে ট্যাং রমজান প্রচারাভিযানের জন্য অগিলভি অ্যান্ড মেথার, জিপি নেটওয়ার্ক ও জিপি ট্যাবের জন্য গ্রে, প্রিন্ট যোগাযোগে টেলিটক থ্রিজি ও ট্যাং রমজান প্রচারাভিযানের জন্য অগিলভি অ্যান্ড মেথার, হুইল পাওয়ার হোয়াইটের জন্য এশিয়াটিক, টেলিভিশন যোগাযোগে এনজি ডায়ারি ডিপ্লোমা ও স্পেলিং বির জন্য গ্রে, টেলিটক থ্রিজির জন্য অগিলভি অ্যান্ড মেথার, সমন্বিত যোগাযোগের জিপি ক্লিয়ার কাট একাডেমির জন্য গ্রে, বাংলালিংক নেটওয়ার্কের জন্য ক্যারট কম এবং ক্লোজ আপ কাছে আসার গল্পের জন্য এডকম পুরস্কার পায়। বাংলাদেশের প্রসারের জন্য জানালা বাংলাদেশকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।