
বর্তমান বাজার-অর্থনীতির যুগে টিকে থাকতে চাই পণ্য ও সেবার যথাযথ ব্র্যান্ডিং। তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্য ও সেবার ক্ষেত্রে দেরিতে হলেও বাংলাদেশ ধীরে ধীরে ব্র্যান্ডিংয়ের পথে এগোচ্ছে। আর এই অগ্রযাত্রায় নিজেদের সবটুকু নিংড়ে দিতে প্রস্তুত দেশের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা।
এ লক্ষ্যে দেশের বিভিন্ন ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক শ্রেণীর এক ঝাঁক তরুণ-তরুণী নিজেদের উদ্ভাবনী ক্ষমতার এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) আন্তব্যবসায় শিক্ষা অনুষদ বিপণন প্রতিযোগিতা ‘ব্র্যান্ডউইট্জ ২০১৩’-এর উদ্বোধনী ও কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বোম্বে সুইটসের প্রধান বিপণন কর্মকর্তা দেবীদাস ঘোষাল, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, আইবিএর পরিচালক অধ্যাপক ইকবাল আহমেদ। তাঁরা বলেন, ব্র্যান্ড তৈরিতে তারুণ্যের সম্পৃক্ততার বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়াটিক ইভেন্টসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক দ্রাবিড় আলম ও নোভারটিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ আমিন।
প্রতিযোগিতার মূল পৃষ্ঠপোষক বোম্বে সুইটস, গণমাধ্যম সহযোগী প্রথম আলো, এটিএন বাংলা ও রেডিও ফুর্তি এবং ক্যারিয়ার পার্টনার প্রথম আলো জবস।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪৩টি দলের প্রতিটিতে রয়েছে চারজন সদস্য। চারটি ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতায় প্রথম তিনটি দলকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকা।
২৮ জুন রাজধানীর একটি হোটেলে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। পঞ্চমবারের মতো প্রতিযোগিতার আয়োজন করছে আইবিএ কমিউনিকেশন্স ক্লাব।