ব্র্যান্ডউইটজ ২০১৩ প্রতিযোগিতায় চারটি দল গ্র্যান্ড ফাইনালে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট কমিউনিকেশন ক্লাব এবং বম্বে সুইটসের যৌথ উদ্যোগে চলছে আন্তবিশ্ববিদ্যালয় ব্র্যান্ডিং প্রতিযোগিতা ব্র্যান্ডউইটজ ২০১৩। প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড হিসেবে ব্র্যান্ডউইটজ কার্নিভাল গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। এর মাধ্যমে চারটি গ্রুপের ১২টি দলের মধ্যে চারটি দল গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২টি দলের অংশগ্রহণে দেশের সর্বপ্রথম প্র্যাকটিক্যাল মার্কেটিং রাউন্ড ছিল গতকাল। এদিন বিভিন্ন দল আলুর চিপস, শরবত, চানাচুর ও পটেটো ফ্রাই বিক্রয় ও বিপণন সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে। তারা ফুটবল, কম্পিউটার গেমস, দেয়াল পত্রিকা, টেবিল টেনিস, কনসার্ট ইত্যাদি আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানে আগতদের আকৃষ্ট করার চেষ্টা চালায়।
৭ জুন শুরু হওয়া ব্র্যান্ডউইটজ দেশের সবচেয়ে বড় বিপণন প্রতিযোগিতা, যা এ বছর পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এবার ২৪টি বিশ্ববিদ্যালয়ের ৪৩টি দল অংশ নেয়। এগুলোর মধ্যে ১২টি দল প্র্যাকটিক্যাল মার্কেটিং রাউন্ডে উত্তীর্ণ হয়। প্রথম আলো ব্র্যান্ডউইটজ ২০১৩-এর সহযোগী।