বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশের সরকার ও তৈরি পোশাক মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে মার্কিন ক্রেতাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ আহ্বান জানায়।
এদিকে সাভারে ভবনধসের ঘটনায় কয়েক শ শ্রমিকের হতাহতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নতিতে বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষ, আন্তর্জাতিক সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে কাজ করতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
গতকাল জাতিসংঘের বাণিজ্য মানবাধিকারবিষয়ক কর্মদলের প্রধান এ আহ্বান জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর, শ্রম দপ্তর ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর সে দেশের ক্রেতাদের নিয়ে এ বৈঠকের আয়োজন করে। সাভারের বিয়োগান্তক ভবনধসের ঘটনায় পর বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নতির লক্ষ্যে নেওয়া চলমান প্রক্রিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্ত রয়েছে। এ ব্যাপারে মার্কিন ক্রেতাদের জানাতে ও প্রক্রিয়াটির সঙ্গে বেসরকারি খাতকে কীভাবে যুক্ত করা যায়, তা নিয়ে আলোচনার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়।
ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে অংশ নেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ দূত বারবারা শেইলর।
বৈঠকে রবার্ট ব্লেক ও বারবারা শেইলর উল্লেখ করেন, রানা প্লাজার দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে জরুরি ভিত্তিতে সরকার, মালিক, ক্রেতা ও শ্রমিকসংগঠনগুলোর একসঙ্গে কাজ করার উদ্যোগ নেওয়ার বিষয়টি ফের সামনে এনেছে।
বৈঠকে বলা হয়েছে, বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের বিষয়ে দুই দেশেরই অভিন্ন আগ্রহ রয়েছে। কিন্তু রপ্তানির এ বিকাশ যেন কোনোভাবেই শ্রমিকের মৌলিক অধিকার কিংবা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশের সঙ্গে সমঝোতার বিনিময়ে না হয়।
এ পরিস্থিতিতে নিরাপত্তা ও অগ্নিনির্বাপণবিষয়ক নিরপেক্ষ পরিদর্শক নিয়োগে অর্থায়নসহ বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশের সরকার ও বিজিএমইএর পাশাপাশি নাগরিক সমাজ ও শ্রমিকসংগঠনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে মার্কিন ক্রেতাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কর্মপরিবেশের উন্নয়নে সহযোগিতার পাশাপাশি বিদ্যমান শ্রমমান নিয়ে তাদের উদ্বেগ বাংলাদেশ সরকার ও বিজিএমইএকে জানাতে মার্কিন ক্রেতাদের উৎসাহ জুগিয়েছে। সে সঙ্গে অবিলম্বে বাংলাদেশের সংশোধিত শ্রম আইন বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি আন্তর্জাতিক শ্রম সংগঠন এবং আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থার উন্নততর কর্মসংস্থান কর্মসূচি গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
আহ্বান জাতিসংঘের: কর্মপরিবেশের উন্নতিতে ব্র্যান্ডগুলোকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘও।
জাতিসংঘের বাণিজ্য মানবাধিকারবিষয়ক কর্মদলের প্রধান পাভেল সুলিয়ানদিজগা বলেন, পোশাক কারখানায় মানবাধিকার সমুন্নত রাখা হচ্ছে কি না, সেটি পর্যবেক্ষণ করা এবং মানবাধিকার পরিস্থিতির ভূমিকা রাখার বিষয়ে বাংলাদেশে পণ্য উৎপাদনকারী আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর দায়িত্ব রয়েছে। সরবরাহ করা পণ্যের মাধ্যমে মানবাধিকারের ক্ষেত্রে তারা যদি নেতিবাচক ভূমিকা রাখে, ক্রেতা হিসেবে পরিবর্তন আনার চেষ্টা করার দায়িত্বও তাদের রয়েছে।