সাভারের রানা প্লাজা দুর্ঘটনা ঘটার আগেই তা রোধ না করতে পারার অন্যতম কারণ তৈরি পোশাক প্রস্তুতকারী আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতার অভাব। এই পর্যবেক্ষণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ)।
গতকাল শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে নিউইয়র্কভিত্তিক এইচআরডব্লিউ। প্রতিবেদনে বলা হয়, রানা প্লাজার ধ্বংসাবশেষ থেকে যেসব ব্র্যান্ডের পোশাকের লেবেল পাওয়া গেছে, সেসব কোম্পানি থেকে হতাহতদের জন্য ক্ষতিপূরণ এবং পরিস্থিতির আরও বড় ধরনের সংস্কারে তাদের সহযোগিতা দাবি করেছে শ্রমিক ইউনিয়ন ও মানবাধিকার সংস্থাগুলো। তারা জানিয়েছে, রানা প্লাজায় যেসব ব্র্যান্ডের পোশাক তৈরি হতো, তার মধ্যে আছে জার্মানির অন্যতম ব্র্যান্ড কিক। তবে ২০১৪ সালের ২ এপ্রিল এইচআরডব্লিউতে পাঠানো এক চিঠিতে কিক দাবি করে, দুর্ঘটনার সময় রানা প্লাজায় পোশাক তৈরিকারী কোনো কারখানার সঙ্গে তাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না।
প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার জন্য কোম্পানিগুলোর উচিত তারা কোথায় পোশাক তৈরি করছে, তা প্রকাশ করা।
এইচআরডব্লিউর জার্মান শাখার পরিচালক ভেনজেল মিখালস্কি বলেন, ‘জার্মানির খুচরা পোশাক ক্রেতারাও ব্র্যান্ডগুলোর কাছে জানতে চাইবে তারা পোশাক কোথা থেকে তৈরি করছে।’