ব্র্যান্ডিংয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিস্নাত সন্ধ্যায় শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে ঝলমলে আলো, সাজানো মঞ্চ। মাসব্যাপী প্রতিযোগিতার তিনটি ধাপ পেরিয়ে মোট চারটি দল ফাইনালে। ব্র্যান্ডিং দুনিয়ায় পিছিয়ে পড়া বাংলাদেশকে বিশ্বসেরার মানে নেওয়ার দৃঢ় প্রত্যয় তাদের। সামনে বিচারক হিসেবে ছিলেন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বর্তমান বিপণনপ্রধানেরা।গত শনিবার রাজধানীর এক অভিজাত হোটেলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের স্নাতক শিক্ষার্থীদের ব্র্যান্ডিং প্রতিযোগিতা ‘ব্র্যান্ডউইট্জ ২০১৩’-এর ফাইনালে ছিল এমন আবহ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) কমিউনিকেশন্স ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় স্পনসর বম্বে সুইটস, সহযোগী প্রথম আলো, ক্যারিয়ার সহযোগী প্রথম আলো জবস্, গণমাধ্যম সহযোগী এটিএন বাংলা ও রেডিও ফুর্তি। সন্ধ্যা ছয়টা। ফাইনালে ওঠা প্রতিযোগী দলগুলোর উপস্থাপনা শুরু। নিজেদের অভিনব উদ্ভাবন, শাণিত যুক্তি আর প্রাণবন্ত উপস্থাপনার মধ্য দিয়ে প্রতিটি দল এগিয়ে যাচ্ছিল। নিজেদের উপস্থাপনা শেষে প্রতিটি দল মুখোমুখি হয় বিচারকমণ্ডলীর প্রশ্নবাণে। প্রশ্নবাণ তাঁরা সামলে নেন একক ও দলগতভাবে নিপুণ দক্ষতায়। রাত ১০টায় শেষ হয় অপেক্ষার পালা। ঘোষণা করা হয় দ্বিতীয় রানারআপ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল এগরোলস, প্রথম রানারআপ ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দল ফানুশকে।একটু পরেই ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন দলের নাম। তা নিয়ে অনেক জল্পনা-উত্তেজনা। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়ে পুরো হল। কেননা, বিজয়ী দলটি ছিল ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) দল অ্যাংরি পেন্সিলস। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল এক লাখ, প্রথম রানারআপ ৫০ হাজার ও দ্বিতীয় রানার আপ ২৫ হাজার টাকা এবং অংশগ্রহণকারী প্রতিটি দল একটি করে ক্রেস্ট পেয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন আইবিএর পরিচালক অধ্যাপক ইকবাল আহমেদ, বম্বে সুইটসের বিপণনপ্রধান ডি ডি ঘোষাল, প্রথম আলোর ব্র্যান্ড ও অ্যাক্টিভেশন বিভাগের প্রধান অরূপ কুমার ঘোষ প্রমুখ।প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনার প্রধান রুমানা রহমান, এশিয়াটিক ইভেন্টসের নির্বাহী পরিচালক তাহসিন সাইদ, স্যামসাং মোবাইল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হাসান মেহেদি, ফিন্যান্সিয়াল এক্সিলেন্স সার্ভিসেস লিমিটেডের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ও গ্রামীণফোন লিমিটেডের বিপণন পরিচালক রাজীব ভট্টাচার্য।এই প্রতিযোগিতা শুরু হয় গত ৬ জুন। পঞ্চমবারের মতো প্রতিযোগিতাটি আয়োজন করেছে আইবিএ কমিউনিকেশন্স ক্লাব।