ব্র্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ এনডিসি লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসের কনসার্ট বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার শহরে বিক্ষোভ করেছে মাদ্রাসার ছাত্ররা। তারা জেলা প্রশাসকের অপসারণ দাবি করে তাঁর বাসভবনে জুতা নিক্ষেপ করে। লাঞ্ছিত করে এনডিসি রাশেদ হোসেন চৌধুরীকে। এ ঘটনার প্রতিবাদে বিকেলে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক আবদুল মান্নান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিজয় দিবসের অনুষ্ঠান বানচাল করতে মৌলবাদী গোষ্ঠী মিছিল করেছে। এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভয়ে যাতে অংশ না নেয়, সে কারণেই তারা এ কাজ করেছে। একই কাজ তারা গত বছরও করেছিল। তবে তারা কোনোভাবেই সফল হবে না।বিজয় দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে কনসার্টের আয়োজন করেছে জেলা প্রশাসন ও স্থানীয় গুণীজন সংবর্ধনা পরিষদ। কনসার্টে এল আর বি ও দলছুটের সংগীত পরিবেশন করার কথা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ কনসার্টের প্রতিবাদে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পাওয়ার হাউস রোড থেকে ‘কওমি মাদ্রাসা ইসলামী ছাত্র ঐক্য পরিষদ’-এর ব্যানারে কয়েক হাজার কওমি মাদ্রাসার ছাত্র বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তাদের হাতে ছিল লাঠিসোঁটা ও জুতা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এ সময় তারা শহরের টি এ রোডে এনডিসি রাশেদ হোসেন চৌধুরীকে পেয়ে তাঁকে লাঞ্ছিত করে।মিছিল শেষে স্থানীয় আশিক প্লাজা মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদ্রাসার ছাত্ররা বলেন, কনসার্ট বাতিল করা না হলে একই দিন তাঁরা ওই মাঠে মাহফিল করবেন। হাফেজ মো. ইয়াহিয়ার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন হাফেজ এরশাদুল ইসলাম, মুফতি নিয়ামুল হক, হাফেজ জিয়াউদ্দিন, হাফেজ মো. তাকবির প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ফের মিছিল নিয়ে শহরের কাউতলি এলাকায় যাওয়ার পথে জেলা প্রশাসকের বাসভবনে জুতা নিক্ষেপ করে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ১৮ ডিসেম্বরের এ কনসার্টের অনুমতি তিনি এখনো দেননি। পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখায় গুণীজন সংবর্ধনা পরিষদ অনুষ্ঠানের অনুমতি চাইলে সেখান থেকে তাঁর কার্যালয়ের অনুমতি চাওয়া হয়। সেটি এখনো প্রক্রিয়াধীন। সংবাদ সম্মেলনে এনডিসি রাশেদ হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন।