ব্লক তৈরিতে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ
রংপুরের বদরগঞ্জে চিকলী নদীর তীর প্রতিরক্ষামূলক কাজে ব্যবহারের জন্য নিম্নমানের ব্লক তৈরির অভিযোগ তুলে ক্ষুব্ধ এলাকাবাসীর বাধার মুখে ওই কাজ বন্ধ হয়ে গেছে। গত বুধবার বেলা ১১টায় এলাকাবাসীর তীব্র বাধায় ব্লক তৈরির কাজ বন্ধ হয়ে যায়।
সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে বদরগঞ্জ উপজেলা। সৈয়দপুর পাউবো সূত্র জানায়, উপজেলার রাধানগর ইউনিয়নের মণ্ডলপাড়ার অদূরে চিকলী নদীর ভাঙন প্রতিরোধে পাউবোর অধীনে কাজ পেয়েছে নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান জুয়েল ইলেকট্রনিকস। ওই এলাকার মণ্ডলপাড়া স্কুল থেকে নদীর এক হাজার মিটার পর্যন্ত (এক কিলোমিটার) ওই প্রতিরক্ষামূলক ব্লক ফেলা হবে। কাজের প্রাক্কলিত মূল্য প্রায় চার কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা যায়, নদী থেকে বালু তুলে রাখা হয়েছে। এর পাশে রয়েছে ধুলামাটি মিশ্রিত ছোট-বড় পাথর। ঠিকাদারের লোকজন কাজ বন্ধ রেখে অলস সময় কাটাচ্ছেন।
এলাকাবাসী অভিযোগ করেন, গত ২ নভেম্বর (সোমবার) থেকে ওই নদীর তীর প্রতিরক্ষায় ব্লক তৈরির কাজ শুরু হয়। কিন্তু ব্লক নির্মাণে নদীর মাটি মিশ্রিত বালু, নিম্নমানের পাথর ও কম পরিমাণে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এসব ব্লক নদীর তীরে ব্যবহার করামাত্রই নষ্ট হয়ে যাবে।
মণ্ডলপাড়া গ্রামের মিজান উদ্দিনের অভিযোগ, ‘ব্লকগুলো তৈরিতে সাত ভাগ বালু, এক ভাগ পাথর ও সামান্য পরিমাণে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। আমি সারা দেশে অনেক ঠিকাদারের অধীনে কাজ করেছি। কিন্তু এত নিম্নমানের কাজ কোথাও হয়েছে বলে আমার জানা নেই। এ কারণে আমরা গত বুধবার ঠিকাদারের লোকজনকে কাজ বন্ধ রাখতে বলেছি।’
গ্রামের আরিফুল ইসলাম অভিযোগ করেন, ‘ডোল ভর্তি করি বালা (বালু), অল্প করি পাতর (পাথর), আর স্যালকে একনা সেমেট (সিমেন্ট) দিয়া বোলোক (ব্লক) বানাওচে। এইগলাতো নদীত দেলে কিছুদিন পর এমনি ভাঙ্গি, গলি যাইবে।’
গোলজার হোসেন বলেন, কতটুকু বালু, সিমেন্ট ও পাথর দিয়ে ব্লক তৈরি করার সরকারি নিয়ম আছে, সেই কাগজ না দেখানো পর্যন্ত তাঁরা ঠিকাদারকে আর কাজ করতে দেবেন না।
জানতে চাইলে ঠিকাদারের ব্যবস্থাপক আইয়ুব হোসেন বলেন, ‘আমরা সঠিকভাবেই ব্লক তৈরি করেছি। তারপরও গত বুধবার এলাকার শতাধিক লোক এসে ব্লক তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন। কাজ শুরুর দুই দিনে ৭৮০টি ব্লক তৈরি করা হয়েছে।’
ঠিকাদারের প্রধান মিস্ত্রি পরিমল চন্দ্র সরকার বলেন, বিধিমোতাবেক প্রতিটি ব্লক তৈরিতে পাঁচ কড়াই পাথর, এক কড়াই সিমেন্ট ও তিন কড়াই বালু ব্যবহার করা হচ্ছে। তবে ব্লক তৈরিতে ওই নদীর বালু ব্যবহার করার কথা স্বীকার করেন তিনি। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এনামুল হক বলেন, ব্লক তৈরিতে অনিয়মের কোনো সুযোগ নেই। কারণ বুয়েটে এসব ব্লক পরীক্ষা করার পর কাজের বিল ছাড় দেওয়া হবে। সংশ্লিষ্ট পাউবোর কার্য সহকারী মানিক উদ্দিন নিম্নমানের ব্লক তৈরির অভিযোগ সঠিক না বলে দাবি করেছেন।