ব্লক না বসালে বিফলে যাবে তাঁদের পরিশ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শস্যভান্ডার হিসেবে পরিচিত চলনবিল তীরবর্তী চার ইউনিয়নের সাত হাজার হেক্টর জমির ফসল রক্ষায় গুড় নদীসংলগ্ন কালীনগর বাঁধ পুনর্নির্মাণ করেছেন ওই এলাকার ১৫৩ জন নারী। গত বছরের বন্যায় বাঁধটি ভেঙে গিয়েছিল। তবে বর্ষার আগেই সরকারি উদ্যোগে বাঁধের দুই পাশে পাকা ব্লক (আরসিসি) বসানো না হলে সব অর্জন বিফলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।চলনবিলের মূল অংশ (তলি) ঘেঁষে নাটোরের সিংড়া উপজেলার কলম, চামারী, ডাহিয়া ও ইটালি ইউনিয়ন। গত বুধবার সরেজমিনে দেখা গেল, কৃষকেরা বোরো ধান রোপণে ব্যস্ত। অপেক্ষাকৃত উঁচু জমিতে ইতিমধ্যে গম ও সবজির আবাদ করা হয়েছে। কলম ইউনিয়নের নূরপুর গ্রামের কৃষক আবেদ আলী জানান, গত বছরও এভাবেই ফসল ফলানো হয়েছিল। কিন্তু কালীনগর বাঁধ ভেঙে যাওয়ায় ফসল ভেসে গেছে। এই ক্ষতি এখনো মেটানো সম্ভব হয়নি। কালীনগর গ্রামের আবদুল কুদ্দুস বলেন, বর্ষার আগেই বাঁধটি মেরামতের জন্য এলাকাবাসী কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) সহযোগিতা চায়। চেয়ারম্যান ফজলার রহমান কর্মসৃজন প্রকল্প থেকে এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। তাঁর তত্ত্বাবধানে কলম ও চামারী ইউনিয়নের ১৫৩ জন নারী বাঁধ মেরামতে নিয়োগ করা হয়। মাত্র ৪০ দিনে তাঁরা ৩০০ মিটারের ওই বাঁধটি পুনর্নির্মাণ করেন। ১৪ ফুট চওড়া ও ২৮ ফুট প্রশস্ত ওই বাঁধটির পুনর্নির্মাণ কাজ শেষ হয়েছে গত বুধবার। ওই দিন পড়ন্ত বিকেলে সেখানে কর্মজীবী নারীদের বিজয় উল্লাস করতে দেখা যায়। মাটি কাটার মতো শক্ত কাজ করেও তাঁদের চোখে-মুখে কোনো ক্লান্তির ভাব ছিল না। কর্মরত নারী মমতাজ বেগম (৩৬) বললেন, ‘আমরা কয়ডা ট্যাকার জন্যে কাজ করছি না। ট্যাকার চায়েও বড় লাভ সামনে বন্যায় আমাদের আবাদ বাঁচপি। কাজটা শ্যাষ করতে পারি আমাদের সত্যি ভালো লাগছে।’ আছিয়া বেওয়া (৪৮) বলেন, ‘আমি পাইট দিয়া খাই না। শুধু দ্যাশের কাজের জন্যি মাটি কাটছি। আমার লাকান অনেকে আছে, যারা শুধু ট্যাকার জন্যি কাজ করছে না।’ কালীনগর গ্রামের মাতব্বর বদিবার মোল্লার কাছে জানতে চাওয়া হয়েছিল পুরুষেরা থাকতে নারীদের কেন এই কাজে লাগানো হয়েছে? উত্তরে তিনি বলেন, বোরো রোপণের ভরা মৌসুমে পুরুষেরা সবাই মাঠের কাজে ব্যস্ত। তাই নারীদের সম্মতিতে তাঁদের এই কাজে নিয়োগ দেওয়া হয়েছে। কলম ইউপির ফজলার রহমান বলেন, গতবারের বন্যায় চার ইউনিয়নের মোট সাত হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। কর্মসৃজন প্রকল্প থেকে বাঁধ নির্মাণে অংশ নেওয়া নারীদের প্রত্যেককে প্রতিদিন ১৭৫ টাকা করে দেওয়া হয়েছে। এতেই তাঁরা খুশি। কারণ টাকার চেয়েও তাঁদের কাছে বাঁধটি মেরামত করা বেশি জরুরি ছিল। তবে বাঁধের দুই পাশে আরসিসি ব্লক দিয়ে বেঁধে দেওয়া না হলে তাঁদের সব অর্জন বৃথা যাবে। সরকারের কাছে এই কাজটি করে দেওয়ার জন্য আবেদন জানান তিনি।