ব্লক বসানো নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
কর্ণফুলী নদীর পাড়ে ব্লক বসানো নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতী এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, কর্ণফুলীর ভাঙন রোধে রাঙামাটি জেলা পানি উন্নয়ন বোর্ড ব্লক বসানোর কাজ করছে। তিন-চার মাস ধরে এতে ব্লক তৈরির কাজ চলছে। কাজের মান নিয়ে গতকাল বেলা ১১টায় দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে খোরশেদ (৪৩), ইলিয়াছ (৩৬), আজম (৩৫), রফিকুল ইসলামসহ (৪৬) সাতজন আহত হন।আহত খোরশেদ জানান, নদীভাঙন রোধে ব্লক বসানোর কাজে অনিয়ম হওয়ায় তাঁরা আপত্তি করেন। ফলে কাজের সঙ্গে জড়িত পৌর কাউন্সিলর জসিম উদ্দিন, তাঁর বড় ভাই নজরুল কাদের, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আইয়ুব রানা, আওয়ামী লীগের নেতা আবদুর রহিম লোহার রড দিয়ে পিটিয়ে তাঁদের রক্তাক্ত করেন।কাউন্সিলর জসিম উদ্দিন জানান, ব্লক বসানোর কাজে কোনো অনিয়ম নেই। অনিয়মের অজুহাতে চাঁদা দাবি করেন তাঁরা। চাঁদা না দেওয়ায় তাঁরা ব্লক নির্মাণশ্রমিকদের কাজ থেকে তুলে দেন। শ্রমিকদের পুনরায় কাজে নিয়ে যাওয়ায় হামলা চালান তাঁরা। এতে তাঁর পক্ষের তিনজন আহত হন। পাউবোর রাঙামাটি জেলা নির্বাহী প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষের কথা শুনেছি। বিষয়টি নিষ্পত্তির জন্য চেষ্টা চালাচ্ছি।’ নদীর পাড়ে ব্লক বসানোর কাজ পুনরায় চলছে বলে জানান তিনি।