ব্লক বাঁধের জন্য আন্দোলন উদ্যোগ নেই সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহররক্ষা বাঁধ রক্ষার জন্য মেঘনা নদীতে ব্লক বাঁধ দেওয়ার জন্য ভোলাবাসী আন্দোলন করে যাচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন উদ্যোগ নেওয়া হয়নি।ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলী লঞ্চঘাট এলাকার আসলাম গোলদারের (২৮) বাড়ি মেঘনা নদীর পাড় থেকে মাত্র ১০-১২ হাত দূরে। তিনি বলেন, ‘ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো পদক্ষেপ নিচ্ছে না। ভোলাবাসী টানা এক সপ্তাহ আন্দোলন করলেও সরকারের কোনো উদ্যোগ নেই। আমরা এখন কী করব ভেবে পাচ্ছি না।’ভোলা পাউবোর উপসহকারী প্রকৌশলী ফজলে এলাহী বলেন, শুষ্ক মৌসুম হলেও এখন গড়ে প্রতিদিন চার-পাঁচ হাত জমি ভেঙে মেঘনায় বিলীন হচ্ছে। নদীপাড়ের দীর্ঘ আট কিলোমিটার এলাকায় এভাবে ভাঙছে।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ধনিয়া ইউনিয়নের তুলাতুলী লঞ্চঘাট থেকে শুরু করে বালিয়াকান্দি, কাচিয়া ইউনিয়নের কাটিরমাথা, গুড়ামিয়ার হাট, ভবানীপুর, সাহামাদার, কাচিয়া হয়ে পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। এর মধ্যে তুলাতলী লঞ্চঘাট এলাকায় শহররক্ষা বাঁধ থেকে নদীর দূরত্ব মাত্র ১০ হাত, বালিয়াকান্দিতে ২০-২৫ হাত আর কাচিয়ার গুড়ামিয়ার হাটে ফরাজীবাড়ি এলাকায় ৩০ হাতের মতো। নদীপাড় থেকে বাড়িঘর সরিয়ে নেওয়ার পর অনেকে শূন্যভিটায় শাকসবজি চাষ করেছেন। এই সবজির খেতও নদীতে ভেঙে পড়ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোলার প্রাচীন জনপদ ধনিয়া ও কাচিয়ার হাজার হাজার বাড়িঘর ভাঙনের মুখে পড়েছে। এর মধ্যে ফরাজীবাড়ি, নুরুল্যাহ মৌলভীবাড়ি, কাজিবাড়ি, বাঘাবাড়ি, মোজাফ্ফর হাজিবাড়ি, ইখতিয়ার উদ্দিন গোলদারবাড়ি, চৌধুরীবাড়ি, বেপারীবাড়ি, নাছির মাস্টারবাড়ি, পাটওয়ারীবাড়ি, দফাদারবাড়ি, নজির হাজিবাড়ি, সেকেন্দার হাজিবাড়ি, মল্লিকবাড়ি, কওসার হাওলাদারবাড়ি, বরকন্দাজবাড়ি, জমাদ্দারবাড়ি, মোল্লাবাড়ি, মালেবাড়ি, ইউসুফ ডাক্তারবাড়ি, কেরানিবাড়ি, রাড়িবাড়িসহ সহস্রাধিক বাড়ি ভাঙনের মুখে।বালিয়াকান্দি এলাকার কালিমুল্যাহ (৩৮) জানান, এসব বাড়িতে একাধিক পরিবার সংঘবদ্ধ হয়ে বসবাস করছে। নদীতে ভেঙে গেলে পরিবারগুলো নিঃস্ব হয়ে যাবে। কেউ হয়তো এলাকা ছেড়ে অন্য জেলায় চলে যাবে। কেউ থাকবে পথে-ঘাটে।এ ছাড়া পশ্চিম ধনিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, আলহেরা বালিকা বিদ্যালয়, টগবী মাধ্যমিক বিদ্যালয়, খন্দকারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনিয়া বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দত্তবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়, মুরাদ সফুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শতাধিক স্কুল-মাদ্রাসা-মসজিদ ভাঙনের মুখে রয়েছে।ধনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শরীফুল ইসলাম গোলদার বলেন, ‘ব্লক ফেললে ভাঙন প্রতিরোধ হয়। কিন্তু পাউবো ব্লক না ফেলে কখনো মাটির বস্তা, কখনো জিও টেক্সটাইলের বস্তা ফেলছে। এতে ঠিকাদার আর পাউবোর লাভ ছাড়া জনগণের কোনো উপকার হচ্ছে না। এ জন্য আমরা ব্লকের দাবিতে আন্দোলন করছি।’ধনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম, কাচিয়া ইউপির চেয়ারম্যান জহিরুল ইসলাম, পূর্ব ইলিশার চেয়ারম্যান মো. সিরাজসহ একাধিক ব্যক্তি জানান, ধনিয়া-কাচিয়া ভাঙলে ভোলা শহর ভাঙনের মুখে পড়বে। তাই নিজেদের অস্তিত্ব বাঁচাতে ভোলাবাসী আন্দোলন করে যাচ্ছে। বর্ষা আসন্ন, তার পরও সরকার চুপ করে আছে।ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, ব্লক ছাড়া ভাঙনের তীব্রতা কমানো যাবে না। দুই বছর আগে ‘ভোলা শহররক্ষা প্রকল্প’ নামে সাড়ে ছয় কিলোমিটার এলাকায় ব্লক বাঁধ নির্মাণের একটি প্রকল্প প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি পরিকল্পনা মন্ত্রণালয়ে যাওয়ার অপেক্ষায় আছে।নাম প্রকাশে অনিচ্ছুক পানিসম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কোনো ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানোর আগে সবুজ পাতায় (আরএডিপি) ছাপাতে হয়। কিন্তু এক বছর আগে যখন ‘ভোলা শহর রক্ষা বাঁধ পেস-৩’-এর ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে, তখন সেটি ভুলবশত সবুজ পাতায় ছাপানো হয়নি। এ জন্য পরিকল্পনা প্ল্যানিং থেকে ওই ডিপিপিটি মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে ডিপিপিটি সবুজ পাতায় ছাপানো হবে।