ব্লকবাঁধ ধসে হুমকির মুখে দৌলতখান শহর
ভোলার দৌলতখান পৌরসভার চৌকিঘাটা থেকে হাবু চেয়ারম্যান মাছঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ব্লকবাঁধটি মেঘনা নদীতে বিলীন হওয়ার পথে। এতে হুমকির মুখে পড়েছে দৌলতখান উপজেলা ও পৌরসভার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ১০ হাজার ঘরবাড়ি।
সরেজমিনে দেখা যায়, দৌলতখান পৌরসভার চৌকিঘাটা মাছঘাট, পাতারখাল, নতুনঘাট, লঞ্চঘাট ও হাবু চেয়ারম্যান মাছঘাট এলাকায় ব্লকবাঁধ বিলীন হয়ে পানি ঢুকছে। নদীতে ধসে ১২ ফুট ব্লকবাঁধ কয়েক ফুটে ঠেকেছে। নদী থেকে মাত্র ১০ হাত দূরে দৌলতখান থানা এবং সেখানে চারটি পুরোনো ভবন আছে। নদী থেকে ৬০-৭০ হাত দূরে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এরপর উপজেলা পরিষদ কার্যালয়। সেই সঙ্গে সব সরকারি বিভাগের উপজেলা কার্যালয়, আবাসিক ভবন, মসজিদ, খাদ্যগুদাম, শতাধিক বেসরকারি ভবন, ব্যাংক, বাসস্ট্যান্ডসহ ১০ হাজার বসতবাড়ি আছে।
ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাদের ভাষ্য, শহরটিকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষার জন্য প্রায় ১০ বছর আগে এ বাঁধ নির্মাণ হয়। ২০০৩-২০০৬ সাল পর্যন্ত দুবারে এটি তৈরি করা হয়।
দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার বলেন, ব্লকবাঁধ দেওয়ার পরে ভাঙন বন্ধ ছিল। না হলে অনেক আগেই দৌলতখান বিলীন হয়ে যেত।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, শীতে ব্লকবাঁধ সংস্কার না হলে বর্ষায় হয়তো উপজেলা সদর ও পৌরসভা টেকানো সম্ভব হবে না। কারণ বাঁধ অতিক্রম করে মেঘনার পানি দৌলতখান শহররক্ষা বন্যানিয়ন্ত্রণ বাঁধে আঘাত হানছে।
পাউবোর দৌলতখান উপজেলার দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ‘টাকার অভাবে ব্লকবাঁধ সংস্কার সম্ভব হয়নি। এ জন্য জলবায়ু ট্রাস্ট ফান্ডে প্রায় ২৫ কোটি টাকার একটি প্রকল্প নকশা জমা দিয়েছি। সেটি মন্ত্রণালয়ে জমা আছে। ওই টাকা না পাওয়ায় সংস্কার হচ্ছে না।’