ব্লকবাঁধ ধসে হুমকির মুখে ভোলা শহর
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার লঞ্চঘাট থেকে মুন্সিবাড়ি পর্যন্ত এক হাজার ৮০০ মিটার ব্লকবাঁধটি মেঘনা নদীর ভাঙনে বিলীন হওয়ার মুখে পড়েছে। এতে হুমকির মুখে পড়েছে ধনিয়া ইউনিয়ন ও ভোলা পৌরসভা।
ভোলা পানি উন্নয়ন বোর্ড-১ (পাউবো) সূত্র জানায়, জেলা শহর ও ধনিয়া ইউনিয়নকে রক্ষা করতে পাউবো ‘ভোলা শহর রক্ষা প্রকল্প’ নামে প্রায় ৪০ কোটি টাকায় তিন হাজার ৩০০ মিটার ব্লকবাঁধ নির্মাণ করে। ইউনিয়নের তুলাতুলির মুন্সিবাড়ি থেকে উত্তরে বালিয়াকান্দি দফাদারবাড়ি পর্যন্ত বিস্তৃত বাঁধটি ১৯৯৮ থেকে ২০০৪ সালের মধ্যে বাস্তবায়িত হয়। প্রতিবছর সংস্কার করার কথা থাকলেও ২৮ মিটার চওড়া এই বাঁধটি বরাদ্দের অভাবে মেঘনায় বিলীন হতে থাকে। মাত্র চার বছরে বাঁধটি দফাদারবাড়ি থেকে তুলাতুলি লঞ্চঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বাকি এক হাজার ৮০০ মিটারের মধ্যে এক হাজার ৬০ মিটারের জরুরি সংস্কার প্রয়োজন। এটি সংস্কারের জন্য এক কোটি ৯২ লাখ টাকার চাহিদাপত্র ঢাকায় পাঠানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বাঁধের তুলাতুলি লঞ্চঘাট, নিজাম গোলদারবাড়ি, মদনপুর খেয়াঘাট, তুলাতুলি বাজারের পূর্ব বাঁধ, শাহবাজপুর পর্যটন কেন্দ্রসহ কয়েকটি স্থানের বাঁধ মেঘনায় বিলীন হয়ে গেছে। জোয়ারের পানি ঢুকে পড়েছে। ভাঙনের কারণে ব্লকবাঁধ পাঁচ থেকে ছয় মিটারে চওড়া আছে। বিলীন হওয়া জায়গায় গত বছরের শেষে পাউবো বালুভর্তি জিওটেক্সটাইল বস্তা ফেললেও সেগুলোর বালু বের হয়ে ছেঁড়া বস্তা ভাসছে।
তুলাতুলির বাসিন্দা ও বাঁধের সাব-ঠিকাদার নিজাম গোলদার বলেন, পাউবো গত চার বছরে বাঁধ সংস্কারের নামে প্রায় চার কোটি টাকার বালুভর্তি জিওটেক্সটাইল বস্তা ফেলেছে। কিন্তু ঠিকাদার কয়েকটি বস্তা ফেলে গেছেন।
বাসিন্দা হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, তিন ইঞ্চি পুরু জিওটেক্সটাইল বস্তায় মোটা দানার বালু ভরার কথা বললেও ঠিকাদার তা করেননি। দেড় ইঞ্চি পুরুর বস্তায় চিকন দানার বালু ভরে বাঁধ সংস্কার করেছেন। তাতে বস্তা ও ব্লক—দুটিই মেঘনায় বিলীন হয়ে গেছে।
অভিযোগ অস্বীকার করে ঠিকাদার শাহিন হাওলাদার বলেন, তিনি ২০১২-১৩ অর্থবছরে ২১ লাখ ২৮ হাজার টাকার কাজ করেছেন। পাউবোর টাস্কফোর্স দলের অনুমতি নিয়ে তাঁরা বস্তাগুলো ফেলেছেন। এখানে কমবেশি ফেলার কোনো জায়গা নেই।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকীম বলেন, ‘ক্ষতিগ্রস্ত ভোলা শহর রক্ষা ব্লকবাঁধ সংস্কারে যে চাহিদা পাঠিয়েছি, তা খুব দ্রুত পাস হয়ে আসবে। আশা করি, শুকনো মৌসুমে সংস্কারকাজ শেষ করতে পারব।’