ব্লকের ওপর দিয়ে চলছে ট্রাক
প্রতিনিয়ত বালুভর্তি ট্রাক যাতায়াত করায় রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নদীর তীর সংরক্ষণকাজ হুমকির মুখে পড়েছে। আইন অমান্য করে তীর সংরক্ষণে বসানো ব্লকের ওপর দিয়ে প্রতিদিন বালুভর্তি শতাধিক ট্রাক ওঠানামা করছে। এ ব্যাপারে পাউবো কর্তৃপক্ষ থানায় মামলা করলেও ট্রাক চলাচল বন্ধ হয়নি।পাউবো ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় নগরের পদ্মার তীরে ব্লক বসানো হয়। তীর সংরক্ষণ করতে প্রতি কিলোমিটারে পাউবোর প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। নগরের শ্যামপুর এলাকায় পদ্মা নদীর সংরক্ষিত তীর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু পরিবহনের জন্য তীর সংরক্ষণে বসানো ব্লকের ওপর দিয়ে দুটি রাস্তা তৈরি করা হয়েছে। ওই রাস্তা দিয়ে ওঠানামা করছে বালুবাহী ট্রাক। পাঁচ দিন থেকে সেখানে ব্লকের ওপর আরও একটি রাস্তা তৈরির কাজ চলছে। এর কাছেই রয়েছে শহীদ এ এইচ এম কামরুজ্জামান পানি শোধনাগার। আট একর জমির ওপর দুই ইউনিটবিশিষ্ট শোধনাগারটি নির্মাণে রাজশাহী সিটি করপোরেশনের ব্যয় হয়েছে ৮২ কোটি টাকা। পদ্মার সংরক্ষিত তীর ক্ষতিগ্রস্ত হলে এই শোধনাগারটিও হুমকির মুখে পড়বে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন।গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, শোধনাগারের আশপাশের এলাকায় বালু স্তূপ করে রাখা হয়েছে। অনবরত দুটি রাস্তা দিয়ে সংরক্ষিত তীরের ব্লকের ওপর দিয়ে ওঠানামা করছে বালুবাহী ট্রাক। সেখানে নতুন রাস্তা তৈরি করার জন্য ৯০ জন শ্রমিক কাজ করছেন।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, সংরক্ষিত তীরের ওপর দিয়ে ট্রাক ওঠানামা করানো সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি রাজস্ব ব্যয় করে নদীর তীর সংরক্ষণ করা হয়েছে। এর পাশেই রয়েছে শহীদ এ এইচ এম কামরুজ্জামান পানি শোধনাগার। এভাবে বালু উত্তোলন ও বালুভর্তি ট্রাক ওঠানামা করতে থাকলে ৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শোধনাগারটিও হুমকির মুখে পড়বে। রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, প্রতি কিলোমিটার তীর সংরক্ষণ করতে তাঁদের প্রায় ২০ কোটি টাকা খরচ হয়েছে। ব্লকের ওপর দিয়ে ট্রাক চলাচলের জন্য রাস্তা তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি জানার পর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সুধাংশু কুমার সরকার মতিহার থানায় একটি মামলা করেছেন। এর একটি কপি তিনি রাজশাহী মহানগর পুলিশ কমিশনারকে দিয়েছেন। মহানগর পুলিশ কমিশনার এস এম মনির উজ জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে পরে কথা বলবেন বলে জানান। জেলা প্রশাসক আবদুল হান্নান বলেন, ২০১০ সালে বালু উত্তোলনকারীদের প্রতি রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১১ ধারা অনুযায়ী ইজারা না নিয়ে বালু উত্তোলন, পরিবহন, বিপণন ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ।