ব্লগ ও ফেসবুকে সময় কাটাত রাসেল
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা আয়মান আল-জাওয়াহিরির ভিডিও বার্তা ইন্টারনেটে প্রচারের অভিযোগে আটক রাসেলের বেশির ভাগ সময় কাটত ব্লগ ও ফেসবুকে। তিনি ইসলাম বিষয়ে লেখালেখি করতেন।
রাসেল সম্পর্কে এসব তথ্য দিয়েছেন তাঁর মেসের মালিক ও সহপাঠীরা। গতকাল সোমবার রাত দুইটার দিকে র্যাবের একটি দল টাঙ্গাইল শহরের আদি টাঙ্গাইল মাঝিপাড়া এলাকার মিজানুর রহমানের মেসে অভিযান চালিয়ে রাসেলকে আটক করে। আজ মঙ্গলবার ওই মেসে গিয়ে দেখা যায় মেসটি তিন কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর। সেখানেই টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের আটজন শিক্ষার্থী থাকেন। বারান্দার সঙ্গে লাগোয়া ছোট একটি কক্ষে একা থাকতেন রাসেল।
মেসের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, তিন বছর আগে রাসেল ওই মেসে ওঠেন। মেসে যাঁরা ছিলেন তাঁদের মধ্যে রাসেল বয়সে সবার বড়। মিজানুর রহমান জানান, রাসেল ক্লাস করে এসে রুমেই বেশির ভাগ সময় কাটাতেন। শুধু নামাজের সময় হলে মসজিদে গিয়ে নামাজ পড়তেন।
মেসের আরেক ছাত্র জিয়ারুল ইসলাম জানান, সময় পেলেই রাসেল মুঠোফোনে ফেসবুক খুলে বসে যেতেন। সব সময় তিনি ধর্মীয় আলোচনা করতেন।
টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী রাসেলের সহপাঠী আলমগীর হোসেন জানান, ইন্টারনেট ব্যবহারে রাসেল খুবই দক্ষ। তাঁদের ইনস্টিটিউটের কারও ইন্টারনেট, ফেসবুক ইত্যাদি নিয়ে সমস্যা হলে রাসেলের কাছে ছুটে যেতেন।
রাসেলের রুমে গিয়ে দেখা যায় তাঁর বিছানাপত্র, কাগজপত্র, জামাকাপড় সব এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। টেবিলের ওপর ছড়ানো রয়েছে গ্রামীণফোন, এয়ারটেল ও রবি মুঠোফোনের রিচার্জ করা কার্ড। এর সংখ্যা দুই শতাধিক হবে। পাশাপাশি কম্পিউটারের কি বোর্ড, বিভিন্ন প্রোগ্রামের সিডিও পড়ে রয়েছে সেখানে। মেসে অবস্থানকারীরা জানান, র্যাব রাতে রাসেলকে আটকের সময় ঘরের বিভিন্ন স্থান থেকে এগুলো বের করে।
মেসের থাকা ছাত্র আবীর হোসেন জানান, সোমবার রাত দুইটার দিকে র্যাব এসে সবাইকে ডেকে তোলে। তারপর তাঁদের মধ্য থেকে রাসেলকে চিহ্নিত করে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। এ সময় রাসেলের দুটি ফোন ও কিছু ইসলামিক বইও র্যাব নিয়ে যায়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রাসেলকে আটক করে র্যাব ঢাকায় নিয়ে যায়। তাঁকে টাঙ্গাইল থানায় হস্তান্তর ও মামলা করা হবে।