ব্লগার অনন্ত দাশ হত্যার প্রতিবাদে মানববন্ধন
লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে বিক্ষুব্ধ ময়মনসিংহবাসী। মানববন্ধনে প্রগতিশীল চিন্তা-চেতনার নানা পেশার মানুষ অংশ নেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ওই কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণকারীরা জানান, মৌলবাদী অপশক্তি একের পর এক মুক্তচিন্তার মানুষকে হত্যা করে যাচ্ছে। কিন্তু সরকার ওই সব অপশক্তিকে শনাক্ত করে শাস্তির আওতায় আনতে পারছে না। এভাবে চলতে থাকলে দেশে কোনো মানুষের জীবনই নিরাপদ থাকবে না। মুক্তবুদ্ধির চর্চা বাধাগ্রস্ত হবে। তাঁরা মুক্তমনা মানুষ হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেন।
এতে অংশ নেন আনন্দ মোহন সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুর রহমান, মুক্তমনা লেখক সনৎ ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ জেলা শাখার সম্পাদক এমদাদুল হক, বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক মনিরা বেগম প্রমুখ।