ব্লগার অনন্ত হত্যা মামলা ফের তদন্তের নির্দেশ
সিলেটে বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলা ফের তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। সিলেট মহানগর বিচারিক হাকিম আদালত-২-এর বিচারক হরিদাস কুমার অভিযোগপত্রের বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন।
গত ২৮ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন দত্ত সাংবাদিকদের বলেন, অভিযোগপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় পুনরায় তদন্ত করে অভিযোগপত্র দাখিল করতে বলেছেন আদালত।
সরকারি কৌঁসুলির দপ্তর সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ঢাকা অঞ্চলের পরিদর্শক আরমান আলী ২৮ আগস্ট পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। এই পাঁচজন হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ফালজুড় গ্রামের আবুল হোসাইন (২৫), খালপাড় তালবাড়ি গ্রামের ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বাগলী গ্রামের হারুনুর রশিদ (২৫), কানাইঘাট থানার পূর্ব ফালজুড় গ্রামের মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী ওরফে এ বি মান্নান ইয়াহিয়া ওরফে ইবনে মঈন (২৪) এবং একই গ্রামের আবুল খায়ের রশিদ আহম্মদ (২৪)। তাঁদের মধ্যে মান্নান ইয়াহইয়া ও আবুল খায়ের কারাগারে আছেন, বাকিরা পলাতক। অভিযোগপত্রে সন্দেহভাজন হিসেবে আটক ও পরে জামিনে ছাড়া পাওয়া দৈনিক সংবাদ পত্রিকার সিলেটের আলোকচিত্রী ইদ্রিস আলীসহ ১১ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে হামলার শিকার হন অনন্ত বিজয়। মুখোশধারী দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় তাঁর বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে হত্যা মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, লেখালেখির কারণে উগ্র ধর্মান্ধগোষ্ঠী পরিকল্পিতভাবে অনন্তকে হত্যা করেছে। অনন্ত বিজয় দাশ পূবালী ব্যাংকের জাউয়াবাজার শাখায় কর্মরত ছিলেন।