ব্লগার অনন্ত হত্যায় আবুল খায়ের দ্বিতীয় দফায় রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে গ্রেপ্তার আবুল খায়ের ওরফে রশীদ আহমদের দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার প্রথম দফা রিমান্ড শেষে তাঁকে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে বিচারক সাহেদুল করিম ওই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক আরমান আলী জানান, আবুল খায়েরকে ঢাকায় নিয়ে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।

আবুল খায়েরের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার পূর্ব পালজুর গ্রামে। ওই গ্রাম থেকে গত ২৮ আগস্ট ভোরে দুই ভাই মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী (২৪) ও মোহাইমিন নোমান ওরফে এ এ নোমানকে (২২) গ্রেপ্তার করে সিআইডি। ওই দিনই তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। মান্নান রাহী ২ সেপ্টেম্বর হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতে দেওয়া স্বীকারোক্তিতে ধর্ম নিয়ে ব্লগে লেখালেখি করার কারণেই অনন্তকে হত্যা করেন বলে উল্লেখ করেন রাহী। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। পরের দিন নোমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে রাহীর দেওয়া তথ্যের ভিত্তিতে ২ সেপ্টেম্বরই আবুল খায়েরকে সিলেট নগরের জালালাবাদ থানা এলাকার টুকেরবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

গত ১২ মে সকালে কর্মস্থলে যাওয়ার পথে সিলেট নগরের সুবিদবাজারে নুরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে নিজ বাসার সামনে অনন্তকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। অনন্ত মুক্তমনা ও সামহোয়্যার ইন ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও সক্রিয় ছিলেন। সিলেটের গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীরা পরিকল্পিতভাবে খুন করেছে, এ অভিযোগ অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাত চার দুর্বৃত্তকে আসামি করে হত্যা মামলা করেন।

এরই মধ্যে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকায় গ্রেপ্তার হওয়া তৌহিদুর রহমান ও আমিনুল মল্লিকসহ পাঁচজনকে ব্লগার অনন্ত হত্যা মামলায় গতকাল মঙ্গলবার গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে অনন্ত হত্যায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ‘সন্দিগ্ধ’ হিসেবে আটক রয়েছেন একজন ফটোসাংবাদিক।