ব্লগার অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার বাশারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার করা অন্যতম সন্দেহভাজন আসামি আবুল বাশার (৪০) গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রতিষ্ঠাতা মুফতি জসীমউদ্দিন রাহমানির ছোট ভাই।
ঢাকা কেন্দ্রীয় কারাগার ও পুলিশ সূত্র বলেছে, গত বছর অভিজিৎ হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আবুল বাশারসহ আটজনকে গ্রেপ্তার করে র্যা ব। পরে বাশারকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ৩ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বেলা দুইটার দিকে তিনি মারা যান। ঢাকার মুখ্য মহানগর হাকিম বেগম নাজমা সিদ্দিকার উপস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে বাশারের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন রমনা থানার উপপরিদর্শক রবিউল ইসলাম। সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, বাশারের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ডান হাতের কনুইয়ে পুরোনো দাগ ছিল।
গতকাল বুধবার যোগাযোগ করা হলে বাশারের স্ত্রী মুন্নি আক্তার প্রথম আলোকে বলেন, তাঁর নিরপরাধ স্বামীকে গ্রেপ্তার করা হয়। কারাগারে তাঁর স্বামী হেপাটাইটিস বি ভাইরাসে ভুগছিলেন। স্বামীর গ্রামের বাড়ি বরগুনার হেউলীবুনিয়ায় হলেও লাশ বরিশালে দাফন করা হবে।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে হত্যা করে। তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও এ সময় গুরুতর আহত হন। অভিজিৎ হত্যা মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবির সূত্র বলেছে, অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার আটজনের বাইরে এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী আনসারুল্লাহ বাংলা টিমের নেতা শরিফুল ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার হাসান আরাফাত বলেন, র্যা ব বাশারসহ আটজনকে গ্রেপ্তার করে ডিবিকে দিয়েছিল।