ব্লগার আসিফ মহিউদ্দিন কারাগারে
ব্লগার আসিফ মহিউদ্দিনের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।
আজকের দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন আসিফ। ওই জামিন বাড়ানোর আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার আদালতকে বলেন, আসামি আসিফ অসুস্থ, তাঁর চিকিত্সা প্রয়োজন—মর্মে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত তাঁর চিকিত্সাসংক্রান্ত কোনো কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়নি।
শুনানি শেষে আদালত আসিফের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইন্টারনেটে বিভিন্ন ব্লগে ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তি করার অভিযোগে করা মামলায় আসিফ মহিউদ্দিনকে গত ২৭ জুন জামিনে মুক্তির আদেশ দিয়েছিলেন আদালত।
এর আগে গত ১৭ এপ্রিল ডিবি পুলিশ ব্লগার আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে একটি এবং অন্য একটি মামলায় ব্লগার রাসেল পারভেজ, সুব্রত অধিকারী শুভ ও মশিউর রহমানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে আদালতে অভিযোগ দাখিল করে। পারভেজ, সুব্রত ও মশিউর জামিনে আছেন।
গত ১ এপ্রিল রাজধানীর ফার্মগেটসংলগ্ন মনিপুরিপাড়ায় অভিযান চালিয়ে মশিউরকে এবং পরে ইন্দিরা রোড থেকে রাসেলকে আটক করে ডিবি পুলিশ। তাঁদের তথ্যের ভিত্তিতে ডিবি রাত চারটার দিকে পলাশী এলাকা থেকে সুব্রতকে আটক করে। ৩ এপ্রিল আসিফ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।