ব্লগার আসিফ হত্যাচেষ্টার অভিযোগে চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আসিফ মহিউদ্দীনকে হত্যাচেষ্টার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাতে রাজধানীর শেওড়াপাড়া, যাত্রাবাড়ী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সাদ আল নাহিন (২৪), মো. কাওসার (২৬), মো. কামাল (২৩) ও কামাল (২৮)।ডিবি কার্যালয়ে গতকাল সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তার চারজনকে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান, জ্যেষ্ঠ সহকারী কমিশনার তৌহিদুর রহমান প্রমুখ।আসিফ মহিউদ্দীন গত ১৪ জানুয়ারি রাত নয়টার দিকে উত্তরায় নিজ কর্মস্থলের সামনে হামলায় গুরুতর আহত হন। তাঁকে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয়। গ্রেপ্তার হওয়া যুবকেরা জানিয়েছেন, তাঁরা হাসপাতালে গিয়ে ইনজেকশনের মাধ্যমে অতিরিক্ত হূদ্স্পন্দন বৃদ্ধির ওষুধ প্রয়োগ করে আসিফকে হত্যার পরিকল্পনা করলেও তা বাস্তবায়িত হয়নি।আসিফের ওপর হামলার এক মাস পর গত ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর পলাশনগরে নিজ বাসার সামনে ছুরিকাঘাত করে হত্যা করা হয় আরেক ব্লগার আহমেদ রাজীব হায়দারকে। ডিবির কর্মকর্তা মোল্যা নজরুল বলেন, রাজীব ও আসিফের ওপর হামলাকারীরা একই মতবাদের অনুসারী। এ দুই হামলায় অংশগ্রহণকারীদের আদেশ-নির্দেশনা ও অর্থ দিয়েছেন জনৈক রানা। রাজীব হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজন রানাকে ‘বড়ভাই’ হিসেবে সম্বোধন করতেন। এই পুরো দলটি আরও অনেককে হত্যার পরিকল্পনা করেছিল। তাদের হত্যার তালিকায় কলকাতায় বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরীনও রয়েছেন। এরা আল-কায়েদা নেটওয়ার্কের মতাদর্শে বিশ্বাসী এবং মূলত আল-কায়েদার নিহত নেতা আনওয়ার আল আওলাকির (ট্রিপল এ) অনুসারী। এদের কাছ থেকে আওলাকির ভাষণের সিডি ও ভিডিও উদ্ধার করা হয়েছে।পরিচয়: ডিবি জানায়, গ্রেপ্তার নাহিন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএতে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু শুরু থেকে এমএলএম ব্যবসায় জড়িত হয়ে বেশি সময় দেওয়ার কারণে একসময় তাঁর ছাত্রত্ব বাতিল হয়ে যায়। পরে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে ৫০ হাজার টাকায় বিবিএর সনদ কিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএতে ভর্তি হন। একসময় জিহাদি কার্যক্রমে উদ্বুদ্ধ হন।গ্রেপ্তার হওয়া কাওসার ফুটপাতে মানিব্যাগ বিক্রি করতেন। দুই কামালের একজন কাঠমিস্ত্রি এবং অন্যজন ব্যাংকের নিরাপত্তাকর্মী। এঁদের মধ্যে কাঠমিস্ত্রি কামাল উত্তর যাত্রাবাড়ী এবং বাকি তিনজন মিরপুরে থাকেন।যেভাবে হামলা: ডিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে নাহিন জানান, আসিফের ওপর হামলা ও এর পরিকল্পনায় ১৫ জনের মতো জড়িত ছিলেন। হামলায় সরাসরি অংশ নেন তিনি ও নবীর হোসেন ওরফে নবীন নামের একজন। আবদুল করিম নামের একজনের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তাঁরা এই চেতনায় উদ্বুদ্ধ হন। গত ২-৩ জানুয়ারি করিম তাঁদের জানান, আসিফ মহিউদ্দীন নামের একজন ব্লগার ব্লগে ধর্ম সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন। তাই তাঁকে উচিত শিক্ষা দেওয়া দরকার। তখন তাঁরা পরিকল্পনা করেন, সাইকেল নিয়ে মিরপুর থেকে উত্তরায় গিয়ে সকালে আসিফকে চাপাতি দিয়ে হত্যা করা হবে। তাঁরা রেকি করে জানতে পারেন, আসিফ রাত নয়টা-১০টায় উত্তরার অফিসে যান এবং সকাল ছয়-সাতটায় বাসায় ফেরেন। ১৪ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে আসিফ অফিসের সামনে এসে রিকশা ভাড়া দিচ্ছিলেন। করিম তখনো চাপাতির ব্যাগ নিয়ে না পৌঁছানোয় তিনি ও নবীন তৎক্ষণাৎ সঙ্গে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। তিনি প্রথমে ঘাড়ে আঘাত করলে আসিফ তাঁর কোমর জাপটে ধরেন। তখন তিনি তাঁর পিঠে ছুরিকাঘাত করেন। কিন্তু আসিফের গায়ে শীতের পোশাক থাকায় ছুরি বেঁকে যায়। এর ফাঁকে নবীনও তিন-চারটি ছুরিকাঘাত করেন।নাহিন জিজ্ঞাসাবাদে জানান, একপর্যায়ে আসিফ মাটিতে পড়ে চিৎকার করতে থাকলে তাঁরা ভয় পেয়ে যান এবং তিনি হাতের ছুরি ফেলে দৌড় দেন। কিছু দূর গিয়ে রিকশায় করে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে যান এবং সেখান থেকে বাসে করে মিরপুরে পৌঁছে যে যাঁর বাসায় চলে যান।