ব্লগার ও বিদেশি হত্যা একই সূত্রে গাঁথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক বুদ্ধিজীবী, ব্লগার ও বিদেশি নাগরিকদের হত্যা একই সূত্রে গাঁথা। দেশের উন্নয়ন থামিয়ে দেওয়ার পাশাপাশি সরকারকে ব্যর্থ সরকারে পরিণত করার জন্যই এসব ষড়যন্ত্র করা হচ্ছিল।
গতকাল সোমবার ঢাকার ধামরাইয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। ধামরাই থানা কমিউনিটি পুলিশিং সেল এ সমাবেশের আয়োজন করে।
ধামরাই হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম।
সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়ে জনসাধারণের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের ভুললে চলবে না। তারা যেকোনো সময় ছোবল মারতে পারে। তাই প্রত্যেককে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। তিনি বলেন, এ দেশে মাদক উৎপাদন হয় না। এরপরও মাদক এখন ভয়াবহ রূপ ধারণ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তাদের গ্রেপ্তার করা হলেও অনেক সময় তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়। এ জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তাৎক্ষণিক সাজার ব্যবস্থা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সাংসদ এম এ মালেক, ঢাকা-১৯ আসনের সাংসদ এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বেনজীর আহমেদ, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবীর, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম প্রমুখ।
সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কণ্ঠশিল্পী সাংসদ মমতাজ বেগম, নকুল কুমার বিশ্বাস, সালমা আক্তার, আঁখি আলমগীরসহ খ্যাতনামা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।