ব্লগার ও লেখকদের নিরাপত্তা চাইলেন রাফিদা আহমেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে সাংবাদিক ও লেখকদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিচার করতে ‘ব্যর্থ হওয়ায়’ সরকারের সমালোচনা করেছেন রাফিদা আহমেদ বন্যা। দুর্বৃত্তদের হামলায় নিহত বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ জাতিসংঘে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এ কথা বলেন। খবর ফক্স নিউজের।
গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘ দপ্তরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অনির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাফিদা আহমেদ। তিনি বলেন, ‘মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা এবং মত প্রকাশের পক্ষে কথা বলায় বাংলাদেশে এ বছর পাঁচজন লেখক, ব্লগার ও প্রকাশক খুন হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।’
রাফিদা আহমেদ ঘাতকদের হত্যা তালিকায় থাকা বাংলাদেশি লেখকদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান।