ব্লগার ওয়াসিকুর হত্যার নিন্দায় ইউনেসকোর প্রধান
বাংলাদেশি ব্লগার ওয়াশিকুর রহমান হত্যার নিন্দা জানিয়েছেন ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা। গত বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে ওয়াশিকুর হত্যার বিচার দাবি করেন জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনেসকোর প্রধান। বিবৃতিতে ইরিনা বলেন, ‘বাংলাদেশ সরকারের উচিত এই হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বিচারের মুখোমুখি করা।’
মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বানও জানানো হয় বিবৃতিতে। বলা হয়, ‘ভীতি এবং স্ব-আরোপিত নিয়ন্ত্রণের পরিবেশের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা বা মুক্ত আলোচনা সম্ভব হয় না।’
গত ৩০ মার্চ বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন ওয়াশিকুর। তিনি ‘কুৎসিত হাঁসের ছানা’ ছদ্মনামে লিখতেন।
২০১৪ সালে ওয়ার্ল্ড ট্রেন্ডস ইন ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট শিরোনামে ইউনেসকোর এক প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ৪৩০ জনের বেশি সাংবাদিক নিহত হন।