ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
বিচার শুরুর তিন মাস পর ব্লগার ওয়াশিকুর রহমান ওরফে বাবু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তিনজন সাক্ষ্য দিয়েছেন। এঁরা হলেন মনিরুল ইসলাম, তপনকুমার শীল ও আবু ইউসুফ।
ওই আদালতের বিচারক এস এম জিয়াউর রহমান সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করে আগামী ৮ নভেম্বর সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেন। এর আগে এই হত্যা মামলায় গত ২০ জুলাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যের বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার পাঁচ আসামির মধ্যে তিনজন কারাগারে আটক আছেন। এঁরা হলেন জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান, সাইফুল ইসলাম ওরফে মানসুর। পলাতক দুজন হলেন জুনেদ ওরফে জুনায়েদ আহমেদ ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবদুল্লাহ।
২০১৫ সালের ৩০ মার্চ রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়িতে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খুন হন ব্লগার ওয়াশিকুর। এ ঘটনার পরপরই জনতা ধাওয়া করে মাদ্রাসাছাত্র জিকরুল্লাহ ও আরিফুলকে ধরে ফেলে। আর সাইফুলকে হত্যাকাণ্ডের কয়েক দিন আগেই অস্ত্রসহ যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে এই হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। হত্যাকাণ্ডের পরদিন চারজনকে আসামি করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ মামলা করেন ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন।
ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে গত বছরের ২ সেপ্টেম্বর আনসারুল্লাহর পাঁচ সদস্যকে আসামি করে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে বলা হয়, পলাতক আসামি আবদুল্লাহ হত্যার পুরো বিষয়টি পরিকল্পনা করেছিলেন এবং বাস্তবায়নের জন্য কাজ করছিলেন। মামলায় ৪০ জনকে সাক্ষী করা হয়েছে।
এর আগে ২০১৩ সালে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে খুন করা হয়। গত বছরের ৩১ ডিসেম্বর ব্লগার রাজীব হায়দারকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত।