ব্লগার হত্যার নিন্দায় জাতিসংঘ অ্যামনেস্টি ও সিপিজে
বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই জোরালো বার্তা দিতে হবে যে দেশটির ভিন্নমতাবলম্বীদের স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে হত্যাকাণ্ডের জঘন্য ঘটনাগুলো বরদাশত করা হবে না। ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে (২৭) নিজ বাসায় হত্যার প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানিয়েছে।
ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত ডেভিড কায়ি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড-বিষয়ক বিশেষ দূত ক্রিস্টফ হেনস।
অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া গবেষণা পরিচালক ডেভিড গ্রিফিতস বলেন, বর্বরোচিত হত্যার এই প্রবাহ এখানেই বন্ধ করতে হবে। আতঙ্ক সৃষ্টি করে মতপ্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করার লক্ষ্যেই এ ধরনের ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
অ্যামনেস্টির ওই বিবৃতিতে আরও বলা হয়, চিন্তা করা এবং সেগুলোকে অবাধে প্রকাশ করার মূল্য মৃত্যু হতে পারে না। এ রকম আর কোনো আক্রমণ সহ্য করা হবে না বলে স্পষ্ট করে দেওয়াই এখন বাংলাদেশি কর্তৃপক্ষের জরুরি দায়িত্ব। এসব হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত নিবিড়, কার্যকর, স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে যে দায়ী ব্যক্তিদের সবাইকে সুষ্ঠু বিচারের আওতায় আনা হবে, মৃত্যুদণ্ডের আশ্রয় ছাড়াই।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বাংলাদেশে আরও যে তিন ব্লগার একই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাঁরা হলেন অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাশ।
ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ উল্লেখ করে দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। এর আগের হত্যাকাণ্ডগুলোতে জড়িতদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা-বিষয়ক বিশেষ দূত ডেভিড কায়ি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড-বিষয়ক বিশেষ দূত ক্রিস্টফ হেনস বলেন, এ হত্যাকাণ্ড বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার প্রতি হুমকি।
আসকের নিন্দা: নীলাদ্রি হত্যার নিন্দা জানিয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল এক বিবৃতিতে বলেন, এই হত্যাকাণ্ডের ধরন ব্লগার অভিজিৎ, ওয়াশিকুর, অনন্ত হত্যাকাণ্ডের মতোই। ফলে ধারণা হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুক্তচিন্তার ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের সহিংসতা বন্ধের বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নীলাদ্রি হত্যাকারীদের দ্রুত বিচারের আওতা আনার দাবি জানায় আসক।
দ্রুত তদন্ত চায় সিপিজে: নীলাদ্রি হত্যার দ্রুত তদন্ত করে হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। সংগঠনটির এশিয়া-বিষয়ক কর্মসূচি গবেষণা সহযোগী সুমিত গালহোত্রা প্রশ্ন করেন, আর কত ব্লগার খুন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন হত্যাকাণ্ডের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেবেন?
ব্রিটিশ প্রতিমন্ত্রীর টুইট: ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী জয়েস অ্যানেলে টুইটার বার্তায় লিখেছেন, নীলাদ্রি হত্যার ঘটনায় তিনি মর্মাহত। দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং বাংলাদেশে বাকস্বাধীনতার অধিকার আর জোরদার করতে হবে।