ব্লগার-প্রকাশক হত্যায় ইইউর উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউগো অসটুটু
ইউগো অসটুটু

ধারাবাহিকভাবে ব্লগার ও প্রকাশক হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ জানতে চেয়েছে, এসব হত্যাকাণ্ডের পর সরকার কী ব্যবস্থা নিয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ ও ইইউ যৌথ কমিশনের সভা অনুষ্ঠিত হয়। শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ইইউর প্রতিনিধিরা এসব জানতে চান। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। সরকার এসব ঘটনার তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সভাশেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইউগো অসটুটু। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। সুশাসন ও মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে। ব্লগার ও প্রকাশক হত্যাকাণ্ডে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানানো হয়েছে। সরকারের প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়েছে, সরকার কী উদ্যোগ নিয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড কখনোই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’
সরকার কী উত্তর দিয়েছে—এমন প্রশ্নের জবাবে ইআরডির অতিরিক্ত সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহ বলেন, ‘আমরা তাঁদের জানিয়েছি, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। সরকার এসব হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এখন তদন্ত চলছে। ন্যায়বিচার হবে বলেও আমরা তাঁদের আশ্বস্ত করেছি।’
সভায় মত প্রকাশের স্বাধীনতা নিয়েও আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়ন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে।
ইউরোপমুখী বাংলাদেশের অর্থনৈতিক অভিবাসী সম্পর্কে জানতে চাইলে ইউগো অসটুটু বলেন, লিবিয়া ও সিরিয়া থেকে অবৈধভাবে ইউরোপে কেউ গেলে ওই দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশের রোহিঙ্গা সম্পর্কে প্রশ্ন করা হলে আবুল মনসুর মো. ফয়জুল্লাহ বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। দেশে কী পরিমাণ রিফিউজি আছে, এর কোনো সঠিক তথ্য নেই।
সভা সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে ৬৯ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ অর্থ সময়মতো ছাড় করা হবে বলে যৌথ কমিশনের সভায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।