বাংলাদেশে ব্লগার ও প্রকাশকদের ওপর একের পর এক হামলার কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার জায়েদ রা’দ আল হুসাইন। জঙ্গিদের হুমকি পাওয়া সবাইকে সুরক্ষা দিতে জরুরি ভিত্তিতে দৃঢ় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
সর্বশেষ গত শনিবার ঢাকায় প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এই বিবৃতি দেওয়া হয়েছে। দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে হাইকমিশনার বলেন, রাষ্ট্রকে অবশ্যই সাংবাদিক, সুশীল সমাজ ও মানবাধিকারকর্মীদের ভয়ভীতি ছাড়াই বাক্স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার চর্চা করার নিশ্চয়তা দিতে হবে। তিনি বলেন, ‘যখন লোকজনকে সহিংসতা বা হত্যার হুমকি দেওয়া হয়, তখন তাঁদের সুরক্ষা দেওয়া রাষ্ট্রেরই দায়িত্ব।’
বিবৃতিতে জায়েদ বলেন, বাংলাদেশে এ বছর এ পর্যন্ত অন্তত পাঁচজন বাংলাদেশি লেখক ও প্রকাশকের পাশাপাশি দুজন বিদেশি খুন হয়েছেন। এর বাইরে অনেকেই হামলার শিকার হয়েছেন ও হুমকি পেয়েছেন। তিনি বলেন, ‘এ ধরনের হত্যাকাণ্ড আর যাতে না ঘটে, তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে দৃঢ় পদক্ষেপ নেওয়া দরকার। এ জন্য এসব ঘটনায় জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে এবং লেখক, প্রকাশক ও বাংলাদেশের অন্য যেসব মানুষ এ ধরনের হামলার হুমকি পেয়েছেন, তাঁদের সুরক্ষা দিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
এর আগে গত সোমবার প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও সাম্প্রতিক সময়ের সব ব্লগার হত্যার পূর্ণ তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ ঘটনাগুলোর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার আহ্বানও জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা যে প্রকাশককে হত্যা করতে দেখেছি, আমাদের অবশ্যই তার তীব্র নিন্দা জানানো উচিত।’
সাংবাদিক হত্যা-সংক্রান্ত তথ্য উল্লেখ করে জাতিসংঘের মহাসচিবের বরাত দিয়ে মুখপাত্র বলেন, গত ১০ বছরে বিশ্বে সাত শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর মধ্যে মাত্র ৭ শতাংশ সাংবাদিক হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে।