ব্লগার রাজীব হত্যা মামলার রায় ৩১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব  হায়দার হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৩১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ আসামি ও বাদীপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আজ সোমবার বিকেলে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণ করতে পারেনি জানিয়ে হত্যার দায় থেকে আসামিদের খালাস দেওয়ার আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে মিরপুরের কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি এ মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

অভিযোগপত্রভুক্ত অন্য সাত আসামি হলেন ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদা। এঁদের মধ্যে রেদোয়ানুল পলাতক রয়েছেন।