ব্লগার রাজিব হত্যার মামলার শুনানি পিছিয়েছে
ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চলতি মাসের ২৯ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহম্মেদ এ তারিখ ধার্য করেন।
আজ এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে কোনো সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষ সময় চাইলে আদালত নতুন তারিখ ধার্য করেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের বাসার সামনে কুপিয়ে রাজীব হায়দারকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা নাজিম উদ্দিন ঢাকার পল্লবী থানায় এ মামলাটি করেছিলেন। ডিবি পুলিশ তদন্ত শেষে গত বছরের ২৮ জানুয়ারি মুফতি জসীমউদ্দিনসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলায় ৫৫ জনকে সাক্ষী করা হয়েছে।
মুফতি জসীম উদ্দিন ছাড়া অন্য আসামিরা হলেন ঢাকার খিলক্ষেত চৌধুরীপাড়ার ফয়সাল বিন নাঈম, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোড়াপাড়া গ্রামের এহসান রেজা রুম্মান, ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বর গ্রামের মাকসুদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ার নাঈম ইরাদ, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া গ্রামের নাফিজ ইমতিয়াজ, ঢাকার কলাবাগান থানার ভূতের গলির সাদমান ইয়াছির মাহমুদ ও ফেনীর দাগনভূঁইয়া উপজেলার জয়লস্করের রেদোয়ানুল আজাদ রানা। এই সাতজনকে ইতিমধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আসামিদের মধ্যে রেদোয়ানুল আজাদ ছাড়া অন্যরা কারাগারে আটক আছেন। রেদোয়ানুল পলাতক।
অভিযোগপত্রে বলা হয়, জসীমউদ্দিন রাহমানির বই পড়ে এবং সরাসরি তাঁর বয়ান ও খুতবায় অংশ নিয়ে ‘নাস্তিক ব্লগার’দের খুন করতে উদ্বুদ্ধ ও উৎসাহিত হন আধুনিক শিক্ষার এই বিশ্ববিদ্যালয়টির সাত শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় ব্লগার রাজীব খুন হন। রাহমানিকে হত্যাকাণ্ডে উৎসাহদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালতে জসীমউদ্দিনসহ পাঁচ ছাত্র স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। অভিযোগপত্রে রেদোয়ান আজাদকে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।