ব্লগার রাজীব হত্যা: ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ রাজীব হায়দার
আহমেদ রাজীব হায়দার

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টে শুনানি গ্রহণ শুরু হয়েছে। নিম্ন আদালতের রায়ের দশ মাসের মাথায় উচ্চ আদালতে এ মামলার শুনানি শুরু হলো।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার প্রথম দিনের শুনানি গ্রহণ করেন। এ দিন শুনানিতে রাষ্ট্রপক্ষ পেপারবুক (মামলার বৃত্তান্ত) থেকে উপস্থাপন করেন। আগামীকাল মঙ্গলবার শুনানির দিন ধার্য রয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম। এক আসামির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজাক খান।
পরে আতিকুল হক সেলিম প্রথম আলোকে বলেন, পেপারবুক থেকে এজাহার, অভিযোগপত্র ও অভিযোগ গঠনের আদেশ পড়ে শুনিয়েছি। মঙ্গলবার শুনানি হবে। আট আসামির মধ্যে পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামি (রানা) এবং তিন বছরের কারাদণ্ড পাওয়া (সাদমান) আপিল করেননি। অপর ছয় আসামির আপিল ও জেল আপিল শুনানির জন্য রয়েছে।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এই মামলায় গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ রায় দেন। রায়ে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রেদোয়ানুল আজাদ রানা (পলাতক) ও ফয়সাল বিন নাঈম ওরফে দীপকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমুদ্দিন রাহমানীসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
আসামিদের মধ্যে মাকসুর হাসান অনিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এহসান রেজা রুম্মান, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজকে দশ বছর করে এবং আনসারুল্লা বাংলা টিমের প্রধান মুফতি জসিমুদ্দিন রাহমানীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও সাদমান ইয়াছির মাহমুদকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। জসিমুদ্দিন রাহমানী ছাড়া সাজাপ্রাপ্ত বাকি আসামিরা নথর্সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

নিম্ন আদালতের রায়সহ মামলার নথিপত্র চলতি বছর ১৭ জানুয়ারি হাইকোর্টে এসে পৌঁছে ও ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে মামলার পেপারবুক প্রস্তুত করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। পরে পেপারবুক প্রস্তুত হয়ে সরকারি ছাপাখানা থেকে আসার পর প্রধান বিচারপতি এই বেঞ্চে বিষয়টি নিষ্পত্তির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় ৩১ অক্টোবর এই বেঞ্চের তালিকায় মামলাটি আসে।