ব্লগার রাজীব হত্যা মামলার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ রাজীব হায়দার
আহমেদ রাজীব হায়দার

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মোহাম্মদ জসীমউদ্দিন রাহমানি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাত ছাত্রসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
গতকাল বুধবার ঢাকার অতিক্তি মহানগর দায়রা জজ-৪-এর বিচারক রুহুল আমিন আগামী ২১ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। একই সঙ্গে মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের করা আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের প্রায় দুই বছর পর গতকাল অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো।
নর্থ সাউথ ইউনিভার্সিটির অভিযুক্ত সাত ছাত্র হলেন: ঢাকার খিলক্ষেত চৌধুরীপাড়ার ফয়সাল বিন নাঈম, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোড়াপাড়া গ্রামের এহসান রেজা রুম্মান, ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বর গ্রামের মাকসুদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ার নাঈম ইরাদ, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া গ্রামের নাফিজ ইমতিয়াজ, ঢাকার কলাবাগান থানার ভূতের গলির সাদমান ইয়াছির মাহমুদ ও ফেনীর দাগনভূঁইয়া উপজেলার জয়লস্করের রেদোয়ানুল আজাদ রানা। এই সাতজনকে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
আসামিদের মধ্যে রেদোয়ানুল আজাদ ছাড়া অন্যরা কারাগারে আটক আছেন। কারাগারে আটক সাত আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়। আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের বাসার সামনে কুপিয়ে রাজীব হায়দারকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা নাজিম উদ্দিন ঢাকার পল্লবী থানায় এ মামলাটি করেছিলেন। ডিবি পুলিশ তদন্ত শেষে গত বছরের ২৮ জানুয়ারি মুফতি জসীমউদ্দিনসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলায় ৫৫ জনকে সাক্ষী করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, জসীমউদ্দিন রাহমানির বই পড়ে এবং সরাসরি তাঁর বয়ান ও খুতবায় অংশ নিয়ে ‘নাস্তিক ব্লগার’দের খুন করতে উদ্বুদ্ধ ও উৎসাহিত হন আধুনিক শিক্ষার এই বিশ্ববিদ্যালয়টির সাত শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় ব্লগার রাজীব খুন হন। রাহমানিকে হত্যাকাণ্ডে উৎসাহদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালতে জসীমউদ্দিনসহ পাঁচ ছাত্র স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। অভিযোগপত্রে রেদোয়ান আজাদকে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ। আসামিপক্ষের শুনানিতে অংশ নেন আইনজীবী মোশারফ হোসেন, মাসুদ আহমেদ তালুকদার ও মোহাম্মদ ফারুক।