ব্লগার রাজীব হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল মঙ্গলবার আরও একজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ নিহত রাজীব হায়দারের বাড়ির তত্ত্বাবধায়ক রবিউল ইসলামের সাক্ষ্য গ্রহণ করেন। তাঁকে আসামিপক্ষের জেরা শেষে আদালত ১৪ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। এ মামলায় গতকাল পর্যন্ত ১২ জনের সাক্ষ্য শেষ হয়েছে।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী থানার কালশীর পলাশনগরের বাড়ির সামনে রাজীবকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় এ মামলা করেন।
গত বছরের ২৯ জানুয়ারি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত সাত ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ মামলার অন্য আসামিরা হলেন ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির ও রেদোয়ানুল আজাদ। এদের মধ্যে রেদোয়ান পলাতক। বাকিরা কারাগারে আটক।