ব্লগার রাজীব হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্যগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় আজ মঙ্গলবার আরও একজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহম্মেদ নিহত রাজীব হায়দারের বাড়ির তত্ত্বাবধায়ক রবিউল ইসলামের সাক্ষ্য গ্রহণ করেন।

আজ সাক্ষী রবিউল ইসলামকে আসামিপক্ষের জেরা শেষে আদালত আগামী ১৪ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। এ পর্যন্ত এই মামলায় ১২ জনের সাক্ষ্য শেষ হয়েছে।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী থানার কালশীর পলাশনগরের বাড়ির সামনে রাজীব হায়দার কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় এ মামলা করেন।
গত বছরের ২৯ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহামানিয়াসহ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত সাত ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মামলার অন্য আসামিরা হলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির ও রেদোয়ানুল আজাদ। এদের মধ্যে রেদোয়ান পলাতক। বাকিরা কারাগারে রয়েছেন।