ব্লগার রাজীব হত্যা মামলায় সাক্ষ্য দিলেন চাপাতি বিক্রেতা
ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার জব্দ তালিকার সাক্ষী মো. মানিক বলেছেন, হত্যায় ব্যবহৃত দুটি চাপাতি ও চারটি ছোরা দুই হাজার ৬০০ টাকা দিয়ে তাঁর কাছ থেকে কেনা হয়েছিল। আসামি মাকসুদুল হাসান ওরফে অনিক এগুলো কিনেছিলেন।
আজ সোমবার সাক্ষ্য দিতে গিয়ে মানিক এসব কথা বলেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সাঈদ আহম্মেদ এই সাক্ষ্য গ্রহণ করেন। আদালত মামলার পরবর্তী তারিখ ৩০ সেপ্টেম্বর ধার্য করেছেন।
মো. মানিক আদালতকে বলেন, পেশায় তিনি কামার। আসামি মাকসুদুল হাসান ওরফে অনিক দুই হাজার ৬০০ টাকা দিয়ে দুটি চাপাতি ও চারটি ছোরা কেনেন। এ সময় তিনি আদালতে রাখা চাপাতি ও ছোরা শনাক্ত করেন। একই সঙ্গে কাঠগড়ায় দাঁড়ানো আসামি মাকসুদুল হাসানকেও শনাক্ত করেন তিনি। পরে আসামিপক্ষের আইনজীবীÿতাঁকে জেরা করেন।
এ নিয়ে আজ পর্যন্ত রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষীকে উপস্থাপন করেছে।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী থানার কালশীর পলাশনগরের বাড়ির সামনে রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় এ মামলা করেন।
গত বছরের ২৯ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত জঙ্গিসংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মুফতি রাহমানি ছাড়া নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত সাত ছাত্রকে আসামি করা হয়। তাঁরা হলেন ঢাকার খিলক্ষেত চৌধুরীপাড়ার ফয়সাল বিন নাঈম, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোড়াপাড়া গ্রামের এহসান রেজা রুম্মান, ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বর গ্রামের মাকসুদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ার নাঈম ইরাদ, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া গ্রামের নাফিজ ইমতিয়াজ, ঢাকার কলাবাগান থানার ভূতের গলির সাদমান ইয়াছির মাহমুদ ও ফেনীর দাগনভূঁইয়া উপজেলার জয়লস্করের রেদোয়ানুল আজাদ রানা। এদের মধ্যে রেদোয়ান আজাদ পলাতক আছে। বাকিরা কারাগারে।