ব্লগার রাজীব হত্যার এক আসামি জামিনে মুক্ত
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত এক আসামি জামিনে মুক্তি পেয়েছেন। তাঁর নাম সাদমান ইয়াসির মাহমুদ৷
সাদমানের আইনজীবী বি এম ইলিয়াস প্রথম আলোকে বলেন, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১ জুন সাদমানের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। এরপর ৫ জুন তিনি কারাগার থেকে মুক্তি পান।
বি এম ইলিয়াস বলেন, সাদমান দীর্ঘদিন কারাগারে ছিলেন৷ এতে তাঁর লেখাপড়ার ক্ষতি হচ্ছে৷ তিনি ব্লগার রাজীব হত্যার ঘটনা জানতেন, কিন্তু জড়িত ছিলেন না—হাইকোর্টে করা জামিন আবেদনে এ কথা বলা হয়েছে৷ আদালত এসব দিক বিবেচনায় নিয়ে তাঁর জামিন মঞ্জুর করেন।
ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম প্রথম আলোকে বলেন, জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করার জন্য আপিল বিভাগে আজ বুধবার আবেদন করা হবে।
গত বছরের ১৫ ফেব্রুয়ারি পল্লবীতে নিজ বাড়ির কাছে আহমেদ রাজীব হায়দারকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাত ছাত্রসহ আটজনের বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে গত ২৮ জানুয়ারি অভিযোগপত্র দিয়েছে পুলিশ৷ এর আগে গত বছরের ১৪ আগস্ট সাদমানকে গ্রেপ্তার করা হয়।